বান্দরবান সদর থানা প্রাঙ্গণে একজন উপপরিদর্শকের (এসআই) ওপর হামলা ও থানা ঘেরাওয়ের চেষ্টার ঘটনার দুদিন পর এসআই ও এএসআইসহ পুলিশের আট সদস্যকে বদলি করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, সুয়ালকের এক নারী ইউপি সদস্যের অভিযোগের আপস-মীমাংসার জের ধরে গত ২৯ আগস্ট কৃষক লীগ ও যুবলীগের কয়েকজন নেতা এসআই এনামুল হকের ওপর হামলা করেন। অন্য পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থল থেকে কৃষক লীগের পৌর সাধারণ সম্পাদক আবুল বশরকে গ্রেপ্তার করা হয়। আবুল বশরের মুক্তির দাবিতে রাতে কৃষক লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা থানা ঘেরাওয়ের চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার দুদিন পর একজন এসআই (এনামুল হক), তিনজন এএসআই ও চারজন কনস্টেবলকে থানচি ও রুমায় বদলি করা হয়েছে।
তবে পুলিশ সুপার (এসপি) দেবদাস ভট্টাচার্য বলেন, অন্য কোনো কারণে নয়, স্বাভাবিক নিয়মে তাঁদের বদলি করা হয়েছে। কারও কারও হয়তো অভ্যন্তরীণ শৃঙ্খলার বিষয়ও থাকতে পারে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমদ বদলির ব্যাপারে কোনো কিছু বলতে অস্বীকৃতি জানিয়ে বলেন, যাঁরা বদলি করেছেন, তাঁরাই বিষয়টি বলতে পারবেন।
এসআই এনামুল হক জানান, তাঁর দায়ের করা মামলায় আবুল বশর ছাড়াও যুবলীগের বান্দরবান সদর উপজেলা সভাপতি কবীর আহমেদকেও গ্রেপ্তার করা হয়েছে।
তবে আটজনকে বদলির ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি এসআই এনামুল।
এসপি দেবদাস ভট্টাচার্য বলেন, ভুল-বোঝাবুঝির কারণে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় মামলা হয়েছে ও তদন্ত চলছে।