হামলার শিকার প্রথম আলোর সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শাজাহানপুরের মাহবুব আলী ইনস্টিটিউটে আজ দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে প্রকাশ্যে ভোটচুরির ঘটনার খবর ও ছবি সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সুজয় মহাজন। ছবি: সুজয় মহাজন
রাজধানীর শাজাহানপুরের মাহবুব আলী ইনস্টিটিউটে আজ দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে প্রকাশ্যে ভোটচুরির ঘটনার খবর ও ছবি সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সুজয় মহাজন। ছবি: সুজয় মহাজন

রাজধানীর শাজাহানপুরের মাহবুব আলী ইনস্টিটিউট আজ দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে প্রকাশ্যে ভোটচুরির ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সুজয় মহাজন। এ সময় হামলাকারীরা তাঁর দুইটি মোবাইল ফোন, প্রথম আলোর পরিচয়পত্র (আইডি কার্ড) ও নির্বাচন কমিশন থেকে দেওয়া পরিচয়পত্রও কেড়ে নেয়।
​ওই কেন্দ্রে দায়িত্ব পালনরত নির্বাচনী কর্মকর্তা এবং পুলিশ ও আনসার সদস্যরাও এ ঘটনা প্রত্যক্ষদর্শী ছিলেন। পরে পুলিশের সহায়তার হামলাকারীদের হাত থেকে রক্ষা পান প্রতিবেদক। ঘটনার খবর পেয়ে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের একটি দল উপস্থিত হয়। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হামলাকারীদের কয়েকজনের সঙ্গে কথা বললে তারা মোবাইল ফোন ফেরত দেবে বলে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলেই প্রতিবেদককে এ বিষয়ে আশ্বস্ত করে। তবে শেষ পর্যন্ত ফোন দুটি উদ্ধার হয়নি। ​বিষয়টি পুলিশের মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এর আগে ওই কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের দূরে সরিয়ে প্রকাশ্যে বিভিন্ন বয়সী কয়েক শ লোক বিভিন্ন প্রার্থীর পক্ষে উন্মুক্তভাবে ভোট প্রয়োগ করছিল। অসহায় হয়ে নির্বাচনী কর্মকর্তারা বুথ ছেড়ে ওই কেন্দ্রের একটি কক্ষে আশ্রয় নেন।