হামলার শিকার সেই ছাত্রীকে ল্যাবএইডের অর্থসহায়তা
যশোরে নৃশংস হামলার শিকার মেধাবী ছাত্রী মোমেনা খাতুনের চিকিৎসার জন্য এক লাখ টাকা দিয়েছে ঢাকার ল্যাবএইড গ্রুপ। গতকাল সোমবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে ‘মোমেনার জন্য আমরা’ শীর্ষক অনুষ্ঠানে ওই অর্থের চেক মোমেনার হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ওই গ্রুপের একটি প্রতিষ্ঠানের উপদেষ্টা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজিব মীর বলেন, স্কুলছাত্রী মোমেনার ওপর সন্ত্রাসী হামলা ও সুচিকিৎসার দাবিসংক্রান্ত একাধিক প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশিত হয়। এরপর ল্যাবএইড গ্রুপ মোমেনার চিকিৎসায় এগিয়ে আসে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ল্যাবএইড গ্রুপের পরিচালক (বিপণন) ও পরিচালন প্রধান আল-ইমরান চৌধুরী, সাবেক শিক্ষক মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মঈনুল ইসলাম, যশোর প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সম্পাদক আহসান কবির, বাংলাদেশ মহিলা পরিষদ যশোরের লিগ্যাল এইড সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য প্রমুখ।