হামলার সময় দম্ভোক্তি 'সরকার চালাই আমরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠান চলাকালে হামলার ঘটনায় গত মঙ্গলবার রাতে মামলা হয়েছে। এতে একজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০ জনকে আসামি করা হয়েছে।
গত ৩০ এপ্রিল রাতে শিল্পকলা একাডেমির উদ্যোগে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজন চলার সময় কয়েকজন যুবক নিজেদের ছাত্রলীগের নেতা-কর্মী পরিচয় দিয়ে মঞ্চে হামলা করেন। একাডেমির মুক্তমঞ্চে ওই অনুষ্ঠান চলার সময় তাঁরা উপস্থাপকের মাইক কেড়ে নেন এবং মঞ্চ তছনছ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করারও হুমকি দেন তাঁরা। এই ঘটনার প্রতিবাদে ১ মে শিল্পকলা একাডেমির সামনে সর্বস্তরের সংস্কৃতিকর্মীরা মানববন্ধন ও সমাবেশ করেন।
জেলা শিল্পকলা একাডেমির পরিচালনা পর্ষদের সদস্য সাইফুল আলম প্রথম আলোকে বলেন, ওই অনুষ্ঠানের অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন ও জেলা প্রশাসক সামসুল আরেফিন। তাঁরা অনুষ্ঠানস্থল ত্যাগ করার পর হামলার ঘটনা ঘটে। তখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। হামলার নেতৃত্বে ছিলেন ইমরান ইসলাম। নিজেকে ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে হামলা করেন তিনি। ‘এটি সরকারি অনুষ্ঠান’ এ কথা বলার পর ইমরান দম্ভোক্তি করে বলেন, ‘সরকার চালাই আমরা’।
সাইফুল আলম বলেন, অনুষ্ঠানের শেষ গান চলার সময় হামলার ঘটনা ঘটে। ওই যুবকেরা কয়েকটি মোটরসাইকেলে করে শিল্পকলায় আসেন। হামলার পর সেখানেই অনুষ্ঠান শেষ করে দেওয়া হয়।
হামলার বিষয়ে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘যে ব্যক্তি হামলার নেতৃত্ব দিয়েছে বলা হচ্ছে, ওই নামে আমাদের কোনো নেতা নেই। আর হামলাকারী যে-ই হোক, সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হোক। এর আগে আমরা এ নিয়ে বিবৃতি দিয়ে শাস্তির দাবি জানিয়েছি।’
হামলার ঘটনায় করা মামলার বাদী হয়েছেন শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা মোসলেম উদ্দিন সিকদার। ইমরানের নেতৃত্বেই হামলা হয় বলে তিনি এজাহারে উল্লেখ করেন। প্রথম আলোকে তিনি বলেন, শিল্পকলায় সিসি ক্যামেরা থাকলেও প্যান্ডেলের কারণে তা ঢেকে ছিল। ফুটেজে যা আছে, তাতে স্পষ্ট কিছুই দেখা যাচ্ছে না।
একাডেমির কর্মকর্তারা বলেন, ইমরান তাঁর দলবল নিয়ে প্রায় প্রতিদিন সন্ধ্যায় শিল্পকলা ও আশপাশের এলাকায় আড্ডা দিতেন।
এজাহারে বলা হয়েছে, হামলাকারীরা সেদিন মঞ্চে উঠে অনুষ্ঠানের উপস্থাপক শ্রাবণী দাশের মাইক কেড়ে নিয়ে তাঁকে শারীরিকভাবে নিগৃহীত করেন। এরপর মঞ্চের শব্দযন্ত্র ও সজ্জা তছনছ করেন। তাঁরা গালাগাল করতে করতে অনুষ্ঠান বন্ধ রাখার হুমকি দিতে থাকেন বলে জানা গেছে। কালচারাল কর্মকর্তা তাঁদের নিবৃত্ত করতে চাইলে তাঁকে গুলি করে মারার হুমকি দেন ওই যুবকেরা।
মামলার বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, হামলার ঘটনায় জড়িত যুবকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।