হামলার সময় ৯৯৯–এ ফোন করে কিছু এলাকায় সাড়া মেলেনি: আসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


দুর্গাপূজার সময় বিভিন্ন জায়গায় হামলা চলাকালে ৯৯৯ নম্বরে ফোন করে কোনো কোনো এলাকায় যথাসময়ে সহযোগিতা পাওয়া যায়নি। এমনকি ঘটনা শুরুর পর প্রশাসনকে শঙ্কার কথা প্রকাশ করলেও হিন্দু সম্প্রদায়কে জানানো হয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আসক। সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে কুমিল্লা, চাঁদপুর ও নোয়াখালী পরিদর্শন করে আসকের প্রতিনিধিদল। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবার, প্রত্যক্ষদর্শী, স্থানীয় অধিবাসী ও সংশ্লিষ্ট অন্যান্যের সঙ্গে কথা বলে ১০টি পর্যবেক্ষণ তুলে ধরেছে প্রতিনিধিদল।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন আসকের জ্যেষ্ঠ সমন্বয়ক আবু আহমেদ ফয়জুল কবির। তিনি জানান, দেশে সম্প্রতি দুর্গাপূজায় প্রতিমা, পূজামণ্ডপ, মন্দিরে হামলা–ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ৭২টি ঘটনা ঘটেছে। এ ছাড়া ৭৭টি বাড়িঘর ও ৪১টি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে।

দেশের ১৮টি জেলায় ১৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত এসব সহিংসতার ঘটনায় ৭ জন নিহত হন, আহত হয়েছেন কমপক্ষে ২৭৪ জন। গুরুতর আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন বেশ কয়েকজন।

আসকের প্রতিনিধিদল অভিযোগ করেছে, হামলার ঘটনাগুলো ঘটেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের গাফিলতির কারণে। এমনকি বিজয়া দশমীর দিনে দ্রুত প্রতিমা বিসর্জনের তাগাদাও দেওয়া হয়। প্রতিমা বিসর্জনের পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মন্দির ত্যাগ করেন, এরপরই হামলা শুরু হয়। হামলাকারীদের অধিকাংশই তরুণ ও মাদ্রাসাছাত্র, ‘নারায়ে তাকবির’ স্লোগান দিয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁরা হামলা চালান।

এ ছাড়া নোয়াখালীর চৌমুহনীতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অভিযোগ, হামলার সময় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বারবার ফোন করেও পাওয়া যায়নি। প্রায় দেড় ঘণ্টা ধরে হামলা শেষে পুলিশ ঘটনাস্থলে আসে। আর চাঁদপুরের হাজীগঞ্জে উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গের অন্যান্য কৌশল প্রয়োগ না করে পুলিশের বিরুদ্ধে শুরুতেই মারণাস্ত্র প্রয়োগের অভিযোগ তুলেছে আসক।

আসক বলছে, ধর্মীয় স্বাধীনতার বিষয়টি বাংলাদেশ সংবিধানের ৪১(১)–এর ‘ক’ অনুচ্ছেদে অত্যন্ত সুষ্পষ্টভাবে উল্লেখ রয়েছে। কাজেই শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক হামলার অর্থ হচ্ছেÑরাষ্ট্র প্রদত্ত অধিকারের ক্ষুণ্ন হওয়া। এ ধরনের হামলা মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গায় আঘাত করেছে এবং স্পষ্টভাবে তুলে ধরেছে নাগরিকদের সুরক্ষা প্রদানে সরকার, প্রশাসন তথা রাষ্ট্রের ব্যর্থতা।

এত বছর ক্ষমতায় থাকার পরও সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এ নিয়ে প্রশ্ন তুলেছে আসক। তারা বলছে, সহিংসতার ঘটনা ঘটলেই প্রধান রাজনৈতিক দলগুলো একে অন্যকে দোষারোপ করতে শুরু করে, যা একেবারেই অগ্রহণযোগ্য।

আসক সুপারিশ করেছে, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে একটি গণশুনানি করে ঘটনাগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা এবং আইনের আওতায় আনা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মন্দির পুনর্নির্মাণ করাসহ আহত ব্যক্তিদের চিকিৎসা প্রদান, পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

এ ছাড়া সাম্প্রদায়িক হামলা ও উগ্রবাদ প্রতিহত করতে প্রযুক্তিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ধর্মীয় নেতারাসহ নানা পেশার লোকজনকে নিয়ে জাতীয় পর্যায়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করার দাবি তুলেছে আসক। এ প্ল্যাটফর্ম এমন সাম্প্রদায়িক হামলার ঘটনায় স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি করণীয় নির্ধারণ করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আসকের নির্বাহী পরিষদের মহাসচিব মো. নূর খান, নির্বাহী পরিচালক গোলাম মনোয়ার কামাল, পরিচালক (কর্মসূচি) নীনা গোস্বামী প্রমুখ।