হামলায় অংশ নেন জামায়াত ও বিএনপির ১৫ নেতা-কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাটে চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবীর হত্যাকাণ্ডে বিএনপি-সমর্থিত একজন জনপ্রতিনিধিসহ জামায়াত ও বিএনপির ১৫ নেতা-কর্মী অংশ নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) সুশান্ত সরকার জানান, ঘটনার পরপরই শনিবার রাতেই পুলিশ স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাইফুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করে। এ ছাড়া পুলিশ ওই রাতেই নয়জনকে আটক করেছে৷ এর মধ্যে ছয়জন জামায়াত ও তিনজন বিএনপির কর্মী-সমর্থক৷
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় লোকজন জানান, হামলাকারীদের মধ্যে চারজন বিএনপি ও তিনজন জামায়াত-শিবিরের নেতা-কর্মী৷ তাঁরা হলেন স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা সাইফুল ইসলাম, শামীম হোসেন, আবদুল মজিদ ও লাবু মিয়া এবং শিবিরের আবু তাহের, আবুল কালাম ও মনিরুল ইসলাম৷ তবে তাঁদের কেউ আটক হননি৷
এলাকাবাসী ও দলীয় নেতা-কর্মীরা জানান, সাম্প্রতিক সময়ে সহিংস কর্মকাণ্ডের অভিযোগে জামায়াত-বিএনপির কয়েক শ নেতা-কর্মীর বিরুদ্ধে একাধিক মামলা হয়। এসব মামলা, পুলিশের অভিযান ও ধড়পাকড় নিয়ে জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা হুমায়ুনের ওপর ক্ষিপ্ত হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন৷ গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, বলোগাড়ি বাজারের প্রায় ৩০০ দোকানের সবগুলোই বন্ধ। রাস্তায় উত্তেজিত নেতা-কর্মীরা অবস্থান করছেন।
এ সময় ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, হামলার আগে বেলা একটার দিকে বাজারের পূর্ব পাশে বিএনপির নেতা জুয়েলের ধানের চাতালে বসে পরামর্শ করেন। ওই স্থানে তাঁরা রামদাতে সান দেন বলে সেখানে কর্মরত কয়েকজন শ্রমিক স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের জানান। এরপর বেলা দেড়টার দিকে চারটি মোটরসাইকেলে করে ১১ জন বাজারের পূর্ব পাশের কৈপাড়া গ্রাম হয়ে বাজারে হুমায়ুনের ব্যবসাপ্রতিষ্ঠানের সমানে আসেন। মোটরসাইকেলচালকদের মাথায় ছিল হেলমেট এবং অন্যদের মুখ রুমাল দিয়ে বাঁধা ছিল। দুজনের হাতে দুটি রিভলভারও ছিল। তাঁরা একটি ব্যাগ থেকে ককটেল বের করে বিস্ফোরণ ঘটান এবং একটি ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে চারজন হুমায়ুনের ব্যবসায়িক অংশীদার শাহিনুরকে ঘরে আটকিয়ে রাখেন। বাকি পাঁচজন হুমায়ুনকে কোপাতে থাকেন। হুমায়ুন আত্মরক্ষার জন্য ঘর থেকে বেরিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে কিছুদূর গিয়ে পড়ে যান৷ এ সময় হামলাকারীরা সেখানেই হুমায়ুনকে কুপিয়ে গুরুতর জখম করে চলে যান।
হুমায়ুনের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে বসবাসরত কয়েকজন প্রত্যক্ষদর্শী নারী জানান, তাঁরা বাধা দিতে গেলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ধাওয়া করেন। ঘটনার পর উত্তেজিত জনতা বাজারে বিএনপির কার্যালয়সহ বিএনপি-জামায়াতের পাঁচ নেতা-কর্মীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে ও মালামাল বের করে পুড়িয়ে দেয়৷