হামলায় আ.লীগ নেতা আহত, প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল কলেজের অধ্যক্ষ গোলাম হাসান খান (৫২) গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ পাঁচজনকে আটক করেছে।
ওই ঘটনার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল শুক্রবার শিক্ষক-শিক্ষার্থী ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা শেরপুর-ঢাকা মহাসড়ক দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ফখরুল মজিদ বলেন, গোলাম হাসান গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী চন্দন কুমার পালের পক্ষে কাজ করেন। নির্বাচনে চন্দন পরাজিত হন। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা করেছেন।
স্থানীয় বাসিন্দা, আওয়ামী লীগ ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোলাম হাসান শহরের চকবাজার এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মোটরসাইকেলে করে কসবা মোল্লাপাড়া এলাকার বাসায় ফিরছিলেন। শহরের মীরগঞ্জ এলাকায় ১৫-২০ জন যুবক তাঁর পথরোধ করে মোটরসাইকেল থেকে তাঁকে টেনেহিঁচড়ে নামিয়ে বাঁশ ও লাঠি দিয়ে মারধর করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। গতকাল ভোরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে গোলাম হাসানের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা গতকাল সকাল ১০টার দিকে কানাসাখোলা ও তারাকান্দি এলাকায় গাছের গুঁড়ি ফেলে শেরপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। জেলা ও পুলিশ প্রশাসন এবং র্যা ব-১৪-এর কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম গতকাল বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।