হামলায় আ.লীগ নেতা আহত বিক্ষোভ, অবরোধ ও ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিবুদ্দিন আহমেদ গতকাল শনিবার সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনার প্রতিবাদে উচুটিয়া এলাকায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। পরে তাঁরা মিছিল শেষে শহরের একটি বিপণিবিতান ভাঙচুর করেন। হাসিবুদ্দিনের পরিবার ও পুলিশ জানায়, হাসিবুদ্দিন গতকাল বিকেল চারটার দিকে মোটরসাইকেলে করে উচুটিয়া-মোল্লাবাজার থেকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে উচুটিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সামনে দুই কিশোর তাঁর গতিরোধ করে এবং পেছন থেকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে। পরে তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।জামায়াত-শিবির এ ঘটনা ঘটিয়েছে দাবি করে গতকাল সন্ধ্যা ছয়টা থেকে জেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ওই মাদ্রাসার সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশের অনুরোধে তাঁরা অবরোধ তুলে নেন। এরপর সন্ধ্যা সাতটার দিকে মহাজোটের নেতা-কর্মীরা শহরের শহীদ রফিক সড়কে জামায়াত-শিবিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। মিছিলের একপর্যায়ে তাঁরা আমানত বাজার সুপার শপ নামে একটি বিপণিবিতানে হামলা চালিয়ে ভাঙচুর করেন। মিছিল শেষে তাঁরা মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে সমাবেশ করেন।সদর থানা আওয়ামী লীগের সহসভাপতি জালাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপক কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক আবদুল মজিদ প্রমুখ।সমাবেশে বক্তারা দাবি করেন, জামায়াত-শিবিরের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে তাঁদের শাস্তির দাবি করেন তাঁরা।জেলা জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, ‘আওয়ামী লীগ নেতাদের দাবিটি ভিত্তিহীন ও কাল্পনিক। মানিকগঞ্জের শান্ত পরিবেশকে অশান্ত করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে।’ তিনি হামলায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন। একই সঙ্গে বিপণিবিতান ভাঙচুরের নিন্দা জানান। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হবে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে চেষ্টা চলছে।