হামলায় আটজন আহত. ৫০০ কলাগাছ কেটে সাবাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার ভোরে এক পক্ষের সন্ত্রাসী হামলায় অপর পক্ষের আটজন নারী-পুরুষ আহত হয়েছেন। বিরোধপূর্ণ জমির পাঁচ শতাধিক কলাগাছ কাটা নিয়ে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।আহত ব্যক্তিদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, উপজেলার কালিদাস গ্রামের পানাউল্যাহ পাড়ায় সিরাজুল ইসলামের দখলীয় জমি নিয়ে প্রতিবেশী খালেক ডিলারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল মঙ্গলবার ভোরে ওই জমিতে লাগানো পাঁচ শতাধিক কলাগাছ খালেক ডিলারের লোকজন কেটে ফেলে। এ সময় সিরাজুল ইসলামের লোকজন বাধা দিলে প্রতিপক্ষ খালেক ডিলারের ভাগনে সোহরাব আলীর নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে সিরাজুল ইসলামের পক্ষের আটজন নারী-পুরুষ আহত হন।