হামলায় আরেক নেতাসহ আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত শনিবার রাতে ছাত্র হলে ঢুকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের তিনজন কর্মী আহত হয়েছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই তিনজন কর্মীকে দেখতে গিয়ে গতকাল রোববার রাত নয়টার দিকে হাসপাতাল ফটকে হামলার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক ইমরান খান। এদিকে ছাত্রলীগের নতুন কমিটি বাতিল ও ত্যাগী নেতাদের নিয়ে কমিটি পুনর্গঠনের দাবিতে বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির একাংশের অনির্দিষ্টকালের ধর্মঘট গতকাল রোববার শুরু হয়েছে।পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শনিবার রাত প্রায় একটার দিকে তিনটি সিএনজিচালিত অটোরিকশায় করে ১০ থেকে ১২ জন অস্ত্রধারী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ছাত্র হলে প্রবেশ করে। তারা হলের এ ব্লকের তৃতীয় তলায় শিহাব ও এনামুলকে ধাওয়া করে রামদা ও চাপাতি দিয়ে এলাপাতাড়ি কোপায়। আহত শিহাব পালিয়ে ছাদে আশ্রয় নেন। দুজনকে রক্ষায় হলের পঞ্চম তলা থেকে আরিফুল এগিয়ে যান। হামলাকারীরা তাঁকেও কয়েকটি কোপ দিয়ে হল ত্যাগ করে। গতকাল রাতে হামলার শিকার ইমরানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক গতকাল রাতে জানান, ইমরানের বুক, হাত ও পায়ে গুরুতর জখম হয়েছে। তাঁর অস্ত্রোপচার চলছে। শনিবার রাতের ঘটনার পর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন দ্বিতীয় ছাত্র হলের প্রাধ্যক্ষ মোহম্মদ ওমর ফারুক।ধর্মঘট শুরু: বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কমিটি বাতিলের দাবিতে গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেন নেতা-কর্মীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ে খাবারের দোকানের (ফুডকোর্ট) সামনে থেকে ছাত্রলীগের চারটি পক্ষ এক হয়ে বিক্ষোভ মিছিল করে সমাবেশে মিলিত হয়। ছাত্রলীগের নতুন কমিটির সহসভাপতি অঞ্জন রায়ের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সুলতানুল আলমের সঞ্চালনায় সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য উত্তম কুমার দাশ, ছাত্রলীগের নেতা আবু নছর মণ্ডল, রাসেন্দ্র দাস, বিজিত লাল দাস, শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।