হামলায় আহত গাংনীর আ.লীগ নেতার মৃত্যু
সন্ত্রাসী হামলায় আহত মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের নেতা আকমল হোসেন মারা গেছেন। গতকাল সোমবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আকমলের (৫১) বাড়ি উপজেলার মালসাদাহ গ্রামে। তিনি গাংনী আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আকমল ২৫ সেপ্টেম্বর রাতে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে একদল দুর্বৃত্ত রড দিয়ে তাঁর মাথায় আঘাত করে। পরে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন ঢাকার ওই হাসপাতালে পাঠানো হয়। সেখানে গতকাল ভোর চারটার দিকে আকমলের মৃত্যু হয়। পরিবারের দাবি, এলাকায় রাজনৈতিক বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ময়নাতদন্ত শেষে সকালে পরিবারের কাছে আকমলের লাশ হস্তান্তর করে পুলিশ। জানাজা শেষে বিকেলে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।গাংনী থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন মিয়া প্রথম আলোকে জানান, হামলার ঘটনায় ২৬ সেপ্টেম্বর আটজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।