হামলায় আহত ঘের মালিকের মৃত্যু
সাতক্ষীরার আশাশুনিতে চিংড়িঘের দখলকে কেন্দ্র করে হামলায় আহত ঘের মালিক বাবুর আলী গাজী (৪৫) মারা গেছেন। গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। বাবুর আলী গাজী আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের মধ্যম একসরা গ্রামের বাসিন্দা ছিলেন।
আনুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর আলম জানান, মধ্যম একসরা গ্রামের বাবুর আলী গাজীর নয় বিঘা জমি ইজারা নিয়ে চিংড়িঘের করতেন একই গ্রামের বাসিন্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস। দীর্ঘদিন ধরে ইজারার টাকা না পেয়ে বাবুর আলী গাজী তাঁকে জমি ছেড়ে দিতে বলেন। সালিসের মাধ্যমে ২০১০ সালের এপ্রিলে রুহুল কুদ্দুস ওই জমি ছেড়ে দেন। এরপর বাবুর আলী নিজেই ওই জমিতে ঘের করেন।
গত বছর ২৮ ফেব্রুয়ারি সাঈদীর ফাঁসির রায় হওয়ার পর সাতক্ষীরা অশান্ত হয়ে ওঠে। এ সময় বিএনপির সমর্থক মোশারফ ঢালির নেতৃত্বে কয়েকজন ওই জমি দখল করে নেন। পরিস্থিতির উন্নতি হলে গত জানুয়ারি মাসের শেষের দিকে বাবুর আলী গাজী ওই জমি দখলে নিয়ে আবার চিংড়ি চাষ শুরু করেন।
৩১ মার্চ সোমবার রাতে একসরা গ্রামের মোশারফ ঢালি ও রুহুল কদ্দুসের ছোট ভাই মন্টু গাজীর নেতৃত্বে ১০-১৫ জন ওই চিংড়িঘেরে হামলা চালায়। তারা বাবুর আলীকে দা দিয়ে কুপিয়ে জখম করে। বাবুর আলী গাজীকে উদ্ধার করে রাতেই সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গতকাল বেলা সোয়া একটার দিকে তিনি মারা যান।