হামলায় আহত বর হাসপাতালে ভিডিও কনফারেন্সে করলেন বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার বিয়ে। সব আয়োজন সম্পন্ন। কিন্তু বৃহস্পতিবার সন্ত্রাসী হামলায় জখম হন বর। ভর্তি করা হয় হাসপাতালে। দুশ্চিন্তায় পড়ে যায় বর ও কনের পরিবার। তবে সব দুশ্চিন্তার অবসান ঘটিয়ে হাসপাতালের শয্যা থেকেই মুঠোফোনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়।
বরের নাম হুমায়ুন কবীর (২৮)। বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারইগাঁও গ্রামে। বাবা হাবিব উল্লাহ। কনের নাম বিউটি আক্তার। বাবা মারফত আলী। তাঁদের বাড়ি গাজীপুরের চান্দুরা এলাকায়।
বর এখনো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও শতাধিক বরাযাত্রী কনের বাড়ি যায়। বিয়ে শেষে কনেকে নিয়ে আসা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে হাসপাতালে কথা হয় হুমায়ুন কবীরের সঙ্গে। তিনি বলেন, ঢাকায় একটি বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিপণন বিভাগে কাজ করেন তিনি। পারিবারিকভাবে গাজীপুরের চান্দুরায় তাঁর বিয়ের কথা পাকাপাকি হয়। এ জন্য কয়েক দিন আগে ছুটি নিয়ে তিনি বাড়ি আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গায়েহলুদ হওয়ার কথা ছিল। এর আগে টুকটাক কেনাকাটা করতে তিনি বাড়ির কাছের বাজারে যান। ফেরার পথে সন্ধ্যায় একই এলাকার এক যুবক পথরোধ করে রামদা দিয়ে তাঁর মাথা ও দুই হাতে কোপ দেন।
হুমায়ুন অভিযোগ করেন, বিয়ে করতে বাড়ি আসার পর থেকে ওই যুবক তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। টাকা দিতে রাজি না হওয়ায় তিনি তাঁকে কুপিয়ে জখম করেন।
এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া গতকাল প্রথম আলোকে বলেন, হুমায়ুনের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি। অভিযুক্ত ব্যক্তি পলাতক।
হাসপাতালের শয্যা থেকে বিয়ে করার ব্যাপারে অনুভূতি জানিয়ে হুমায়ুন কবীর বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে জাঁকজমকপূর্ণভাবে বিয়ে করার ইচ্ছা ছিল। কিন্তু সেটা সম্ভব হয়নি। তবে অনিশ্চয়তা কেটে গিয়ে বিয়েটা হয়ে যাওয়ায় স্বস্তি পেয়েছি। বিয়ের কারণে মামলা করতে দেরি হচ্ছে। তবে দ্রুত মামলা হবে।’