হামলায় আহত সহকারী কমিশনারকে ঢাকায় প্রেরণ, আরেকটি মামলা
ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর হামলায় আহত চাঁদপুরের কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমানকে উন্নত চিকিত্সার জন্য গতকাল বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।এদিকে মোস্তাফিজুর রহমান নিজে বাদী হয়ে গত মঙ্গলবার রাতে কচুয়া থানায় আরেকটি মামলা করেছেন। সরকারি খাস সম্পত্তি অবৈধভাবে দখল করে ভবন নির্মাণের অভিযোগে ১৯৭০ সালের ইমারত নির্মাণ আইনে এ মামলা করা হয়। এই মামলায় উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এমরান হোসেন ও তাঁর বাবা আ. ছাত্তারসহ সাতজনকে আসামি করা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন ওই গ্রামের জলিল উদ্দিনের ছেলে আ. রব, আ. রহিম, সিরাজুল হক; আ. লতিফের ছেলে শওকত আলী; আ. বারীর ছেলে সিদ্দিকুর রহমান। এর আগে গত সোমবার মোস্তাফিজুর রহমান তাঁর ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ বড়ুয়া ইমারত নির্মাণ আইনে মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। সরকারি জায়গায় পাকা ঘর নির্মাণকাজে বাধা দেওয়ায় গত সোমবার সন্ধ্যায় ছাত্রলীগের কয়েকজন কর্মী রড দিয়ে পিটিয়ে কচুয়ার সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমানের মাথা ফাটিয়ে দেয়।