হামলায় ইন্ধন রয়েছে: ওয়ার্কার্স পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাকরিতে চলমান কোটা সংস্কার আন্দোলনের একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলার ঘটনাকে পরিকল্পিত বলে অভিহিত করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। আজ সোমবার দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে চলমান আন্দোলনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। দলটি চলমান আন্দোলনকে কোটাবিরোধী আন্দোলন উল্লেখ করে বলে, শুরু থেকেই এ আন্দোলনটির দাবি অস্পষ্ট। দলটি বলছে, আন্দোলনকারীরা কখনো ‘কোটা বাতিল’ কখনো সংস্কারের কথা বলছে।

ওয়ার্কার্স পার্টি তাদের বিবৃতিতে বলে, ‘এই কোটাব্যবস্থা নতুন নয়, বহু আগে থেকেই চাকরি নিয়োগ-প্রক্রিয়ায় মেধার পাশাপাশি জেলা কোটা, মুক্তিযোদ্ধা কোটা, আদিবাসী কোটা, প্রতিবন্ধী কোটা চালু রয়েছে এবং কোটার নিয়োগেও মেধা অনুসরণ করা হয়। সম্প্রতি এ ক্ষেত্রে বিভ্রান্তি দূর করতে সরকারের তরফ থেকে বলা হয়েছে, কোটার ক্ষেত্রে মেধা না পাওয়া গেলে সেসব শূন্যস্থানে সাধারণ কোটা থেকে পূরণ হবে। তারপরও যদি এ বিষয়ে কোনো বিভ্রান্তি থেকে থাকে, তা আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব ছিল। কিন্তু তা না করে ‘ফেসবুক’সহ বিভিন্ন সামাজিক মাধ্যমকে ব্যবহার করে যেভাবে উত্তেজনা তৈরি করা হয়েছে, তা নিঃসন্দেহে উদ্বেগজনক।

বিবৃতিতে ওয়ার্কার্স পার্টি আলোচনার মাধ্যমে চলমান সমস্যা সমাধানে আহ্বান জানিয়েছে।