হামলায় উদ্বিগ্ন সম্পাদক পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদকর্মীরা রাজনৈতিক আক্রোশের শিকার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। রাজনৈতিক দলগুলোকে এ ধরনের হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পরিষদ।
দেশের প্রধান গণমাধ্যমগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। পরিষদের সাধারণ সম্পাদক ও ‘ডেইলি স্টার’-এর সম্পাদক মাহফুজ আনাম আজ বুধবার এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, ‘সব সময় সংবাদমাধ্যম ও সাংবাদিকেরা হরতালের আওতামুক্ত। কিন্তু তার পরও ২৬ থেকে ৩০ অক্টোবর এই পাঁঁচ দিনে কমপক্ষে ১৯ জন সাংবাদিক, চারটি গণমাধ্যম ও কয়েকটি সংবাদমাধ্যমের গাড়ি আক্রান্ত হয়েছে। এ ছাড়া দুজন সাংবাদিকের বাসায় হামলা হয়েছে। এই ধরনের রাজনৈতিক আচরণ উদ্বেগজনক। এর ফলে আমরা সাংবাদিকেরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ভুলে গেলে চলবে না যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীন ও বলিষ্ঠ গণমাধ্যম ছাড়া পৃথিবীতে কোথাও গণতন্ত্র টেকসই হতে পারে না। বাংলাদেশের প্রধান গণমাধ্যমগুলোও এই লক্ষ্যেই কাজ করছে। স্বাধীন ও বলিষ্ঠ গণমাধ্যম বাংলাদেশের একটি গৌরবময় অর্জন। অনেক ত্যাগ ও ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে এই অর্জন এসেছে। বাংলাদেশের জনগণ ও সাংবাদিকেরা এই অর্জনকে বিনষ্ট হতে দেবে না।’
মাহফুজ আনাম সব রাজনৈতিক দলের উদ্দেশে বলেন, ‘আপনাদের কাছে আহ্বান আপনারা আপনাদের কর্মীদের আমাদের ও সংবাদমাধ্যমের ওপর আক্রমণ করা থেকে বিরত রাখবেন। একই সঙ্গে সরকারের কাছে অনুরোধ সংবাদকর্মী ও সংবাদমাধ্যমের নিরাপত্তা প্রদান করবেন।’