হামলায় উপজেলা চেয়ারম্যান আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ে গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সন্ত্রাসী হামলায় সদর উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়াসহ তিনজন আহত হয়েছেন। আহত অন্যরা হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ ও জেলা আওয়ামী লীগের সদস্য ইসাহাক আলী।এ ঘটনার পর পরই সন্ত্রাসীরা চেয়ারম্যানের বাসভবনসহ তিনটি বাড়ি ও বিদ্যালয়ের কয়েকটি কক্ষ ভাঙচুর করে। এ ব্যাপারে চেয়ারম্যান বৃহস্পতিবার রাতে সদর থানায় একটি মামলা করেছেন।পুলিশ ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠ্যচক্রবিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, আওয়ামী লীগের কর্মী লিটন মিয়া, সাইফুল ইসলাম ও মোকারম হোসেন এবং তাজেরা পারভীন ওরফে কদম বানু।মামলার এজাহার ও দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা চলছিল। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া সেখানে দায়িত্ব পালন করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে শহরের জানপুর মহল্লার চিহ্নিত সন্ত্রাসী বোমা মানিকের নেতৃত্বে ৪০-৫০ জন বিদ্যালয়ে অতর্কিতে হামলা করে। তারা বিদ্যালয়ের দরজা-জানালা এবং গ্রন্থাগারের আলমারি ও আসবাব ভাঙচুর করে। এ সময় সন্ত্রাসীদের লাঠির আঘাতে উপজেলা চেয়ারম্যান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আওয়ামী লীগের এক নেতা আহত হন। এর পর পরই সন্ত্রাসীরা বিদ্যালয়ের পাশে অবস্থিত চেয়ারম্যানের বাসভবন, জেলা আওয়ামী লীগের সদস্য আবদুর রউফ ও জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামানের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। হামলাকারীরা আবদুর রউফের বাড়ির আসবাবে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার হুমায়ুন কবীরসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, ‘সম্প্রতি বোমা মানিকের ছোট ভাই রতন খুন হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। এ অবস্থায় মানিক আরেকটি মামলা করার জন্য আদালতে যান। আইনজীবীরা মামলা করতে নিষেধ করায় তিনি আমাকে ফোন করে যেতে বলেন। ব্যস্ততার কারণে আমি যেতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছেন।’জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হামলা এবং ভাঙচুর করা হয়েছে। এরা যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন জানান, এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান বাদী হয়ে মানিকসহ ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে একটি মামলা করেছেন। ইতিমধ্যে এজাহারভুক্ত ছাত্রলীগের নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।