হামলায় এক নেতা আহত প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেনকে সহসভাপতি ও তাঁর সমর্থকেরা পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
এর আগে গত সোমবার ক্ষুব্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই ইউপির বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, দলীয় কোন্দলের জের ধরে গত শনিবার রাত ১০টার দিকে কাঞ্চনপুর গ্রামের মুন্সিবাড়ির সামনে ফরহাদ হোসেনকে ওই ইউপি ছাত্রলীগের সহসভাপতি কামরুল হোসেনের নেতৃত্বে কয়েকজন পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে ওই দিন রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তবে কামরুল হোসেন ওই নেতার ওপর হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ফরহাদের ওপর আমি বা আমার লোকজন কোনো হামলা করেনি। ঘটনাটি আমিও শুনেছি।’
এ বিষয়ে গতকাল উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাল বলেন, ফরহাদের ওপর হামলার পর থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ। কামরুলকে গ্রেপ্তারের দাবিতে তাঁরা প্রতিদিন মিছিল করছেন। আজ বুধবার দলীয় বৈঠক করে কামরুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রামগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মান চৌধুরী বলেন, এই ঘটনায় ফরহাদের পরিবার এখনো থানায় মামলা করেনি। কামরুলকে আটকের জন্য কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে।