বেপরোয়া হয়ে উঠেছে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের সংঘবদ্ধ বনদস্যুরা। এক সপ্তাহের ব্যবধানে কাঠ চুরির সময় বাধা দিতে গিয়ে কুপিয়ে ও পিটিয়ে রেঞ্জ কর্মকর্তাসহ ছয় বনকর্মীকে গুরুতর জখম করেছে বনদস্যুরা। তাদের তৎপরতার কারণে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে ট্রেন চলাচলও হুমকির মুখে পড়েছে।স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, গত ২৬ জুন সন্ধ্যার আগে উদ্যান এলাকায় গাছ কেটে পাচারের খবর পেয়ে রেঞ্জ কর্মকর্তা (বন্য প্রাণী) এ কে এম আজহারুল ইসলাম কয়েকজন বনকর্মীকে নিয়ে পাচারকারীদের ধাওয়া করেন। একপর্যায়ে পাচারকারীরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালালে আজহারুল ইসলাম ও দুই বনকর্মী গুরুতর আহত হন। তাঁদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দস্যুদের হামলায় বন বিভাগের একটি জিপও ক্ষতিগ্রস্ত হয়। ৩ জুলাই দুপুরে ভাড়াউড়া চা-বাগান এলাকার কুখ্যাত বনদস্যু সাধুর নেতৃত্বে একদল কাঠ পাচারকারী উদ্যানে প্রবেশ করে সেগুনগাছ কাটতে থাকে। টের পেয়ে বনকর্মীরা তাদের ধাওয়া করলে ভাড়াউড়া রেলগেট এলাকায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পাচারকারীরা বনকর্মীদের কাছ থেকে একটি বন্দুক ছিনিয়ে নেয়। এ সময় বনকর্মীরা ছয়টি ফাঁকা গুলি ছুড়লে বনদস্যুরা ছিনিয়ে নেওয়া বন্দুক ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। বনদস্যুদের হামলায় মেহের জামাল, আক্তার হোসেন ও জামাল হোসেন নামের তিন বনকর্মী গুরুতরভাবে আহত হন।এর আগে ১ জুলাই রাত ১১টায় উদ্যানের মাগুরছড়া এলাকায় কাঠ পাচারকারীরা গাছ কেটে খণ্ড করে রেলওয়ের একটি ট্রলি ব্যবহার করে ভানুগাছ স্টেশনে নিয়ে যাচ্ছিল। পথে সিলেট থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।শ্রীমঙ্গল গণপূর্ত (রেল)-এর উপসহকারী প্রকৌশলী রুহুল আক্তার বলেন, বনদস্যুদের কারণে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে ট্রেন চলাচল হুমকির মুখে পড়েছে। সংশ্লিষ্ট বিভাগ কঠোরভাবে পদক্ষেপ না নিলে ভবিষ্যতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।রেঞ্জ কর্মকর্তা এ কে এম আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২৬ জুনের ঘটনায় শ্রীমঙ্গল থানায় বন বিভাগ পৃথক দুটি মামলা করেছে। তিনি বলেন, বনকর্মীদের জীবন এখন হুমকির মুখে। যেকোনো সময় বনকর্মীরা বনদস্যুদের হামলায় মারাও যেতে পারেন। সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (বন্য প্রাণী) মাহবুবুর রহমান বলেন, বনদস্যুরা এখন এত হিংস্র হয়ে উঠেছে যে বনকর্মীরা রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। বনদস্যুর তুলনায় বন বিভাগের জনবল একেবারে কম থাকায় প্রায় সংঘর্ষে বনকর্মীদেরই মার খেতে হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় সাংসদ ও চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদের সঙ্গে কথা হয়েছে। তিনি বনদস্যুদের গ্রেপ্তার করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, বন বিভাগের মামলায় পুলিশি তৎপরতা চলছে। তবে এখন কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি, শিগগিরই গ্রেপ্তার করা সম্ভব হবে।