হামলায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের সহায়তা
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জে আগুন, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোকে নগদ সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ক্ষতিগ্রস্ত ৮৪ পরিবারের মধ্যে ১৮ লাখ ৪৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার পর বিকেলে রাজগঞ্জের দুটি গ্রামের আটটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আগুন, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত হয় অনেক হিন্দু পরিবার। এলাকাবাসী জানান, জামায়াতের নেতা-কর্মী ও সমর্থকেরাই ওই নারকীয় ঘটনা ঘটায়।গতকাল বুধবার দুপুরে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন রেড ক্রিসেন্টের পরিচালক (ত্রাণ) মতিউর রহমান, পরিচালক রোখসানা জাহান ও নোয়াখালী ইউনিটের ভাইস চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আনম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার নুরুল হক।এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণসামগ্রীও বিতরণ করা হয়।