হামলায় গৃহবধূর গর্ভপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছায় জমি দখলে বাধা দিতে গিয়ে হামলার শিকার অন্তঃসত্ত্বা এক গৃহবধূর গর্ভপাতের ঘটনা ঘটেছে। বর্তমানে ওই গৃহবধূ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।অভিযোগে জানা গেছে, ৪৬ শতাংশ জমি নিয়ে উপজেলার পারুল ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আবদুল লতিফ মিয়ার সঙ্গে প্রতিবেশী দেলজার হোসেনের বিরোধ চলে আসছে। গত সোমবার সকাল ১০টার দিকে দেলজার হোসেনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে ওই জমি দখল করতে যান। এ সময় আবদুল লতিফ মিয়া ও তাঁর স্ত্রী রাশেদা বেগম বাধা দিলে তাঁদের বেধড়ক মারপিট ও ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করা হয়। আবদুল লতিফের ছেলে কামরুজ্জামান (২০), শফিকুল ইসলামসহ (২৫) প্রতিবেশীরা এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। এতে সব মিলিয়ে ১০ জন আহত হন। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন সকালে অতিরিক্ত রক্তক্ষরণে নয় মাসের অন্তঃসত্ত্বা রাশেদা বেগমের গর্ভপাত ঘটে। এ ব্যাপারে আবদুল লতিফ গত বুধবার ২৩ জনকে আসামি করে পীরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেন।আবদুল লতিফ অভিযোগ করেন, দেলজার হোসেন ও তাঁর লোকজন অভিযোগ তুলে নিতে তাঁকেসহ পরিবারের সবাইকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।দেলজার হোসেন বলেন, ‘আমার ওই জমি আবদুল লতিফ জাল দলিল করে ভোগদখল করায় আমি জমি দখল করতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।’ তবে অভিযোগ তুলে নিতে হুমকি দেওয়ার কথা তিনি অস্বীকার করেন।