হামলায় ছাত্রলীগ কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজ ক্যাম্পাসে মাদক সেবন ও তাস খেলার প্রতিবাদ করায় সন্ত্রাসীরা আরিফুজ্জামান আশিক নামে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে সরকারি ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।আহত আশিককে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলেজ ক্যাম্পাসের চারপাশে উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আশিক কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।নাম প্রকাশ না করার শর্তে কলেজের শিক্ষার্থীরা জানায়, কিছুদিন আগে ক্যাম্পাসের মধ্যে কয়েকজন সন্ত্রাসী গাঁজা সেবন ও তাস খেলে। আশিক কলেজের পবিত্রতা রক্ষায় তাদের গালমন্দ করে। এর জের ধরে গতকাল সকালে নড়াইল পৌর এলাকার মাছিমদিয়া গ্রামের সোহেল, সুজন, মেজবাহ, সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের পঙ্কবিলা গ্রামের জুয়েল এবং পৌরসভার বিজয়পুর গ্রামের মনিরুল ইসলামসহ কয়েকজন সন্ত্রাসী আশিককে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। কলেজের অধ্যক্ষ মো. আবু দাউদ বলেন, ‘একদল উচ্ছৃঙ্খল তরুণ ক্যাম্পাসের মধ্যে মারামারি করেছে বলে শুনেছি।’