হামলায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দাবি
বরিশালে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থীদের ওপর হামলায় দায়ী পুলিশ সদস্যদের শাস্তি দাবি করে সংহতি সমাবেশ হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে ওই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সভাপতি অন্তর চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তব্য শুরু হলে পুলিশ এসে কর্মসূচিতে বাধা দেয়। অনুমতি না থাকার অজুহাত তুলে সমাবেশ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। উপস্থিত সংবাদকর্মীদের হস্তক্ষেপে অবশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা আইএইচটির শিক্ষার্থী, বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওপর হামলা ও লাঠিপেটার নিন্দা জানান। তাঁরা শিক্ষামন্ত্রীর কাছে হামলার সুষ্ঠু তদন্ত এবং হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন করার দাবি জানান।
অন্যান্যের মধ্যে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি একে আজাদ, গণফোরাম জেলা সভাপতি, হিরণ কুমার দাস, ছাত্র ফেডারেশন বরিশাল জেলার যুগ্ম আহ্বায়ক নবীন আহম্মেদ, যুব ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক হায়দার শরীফ, আইএইচটিআইর শিক্ষার্থী ওবায়দুর রহমান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সহসভাপতি রেজাউল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক শারমিন জাহান, বিজ্ঞান আন্দোলন বরিশালের আহ্বায়ক প্রীতম চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন, চার বছর মেয়াদি ডিপ্লোমা মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি কোর্স চালু, নতুন পদ সৃষ্টি, সরকারি চাকরিতে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদাসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বেশ কিছুদিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এরই অংশ হিসেবে ৩ ডিসেম্বর সকাল ১০টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সামনের সড়ক অবরোধ করতে চাইলে তাঁদের ওপর হামলা চালায় পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত হন ২৩ শিক্ষার্থী।