হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী বাজারের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংকে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। হামলার প্রতিবাদে আজ শনিবার ব্যবসায়ীরা এক ঘণ্টা দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন করার সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার উপজেলা শিল্প ও বণিক সমিতির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাতে সমিতির সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে বাজারে এ সভা হয়। বক্তারা বলেন, গত শনিবার ঈশ্বরদীতে দুটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ চলাকালে দুর্বৃত্তরা হোটেল-রেস্তোরাঁ, ব্যাংকসহ ১৫টি প্রতিষ্ঠানে হামলা চালায়। লুটপাট চালানো হয় কয়েকটি দোকানে। ব্যবসায়ীদের পক্ষ থেকে তাঁরা এ হামলার নিন্দা এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ঈশ্বরদীতে আর কোনো ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও লুটের ঘটনা ঘটলে তাঁরা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য লাঠি হাতে নিয়ে মাঠে নামবেন। সমিতির নেতারা আজ শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ওই কর্মসূচির ঘোষণা দিয়েছেন।