রামুর বৌদ্ধমন্দির ও বসতিতে হামলার কারণ খুঁজে বের করে দোষীদের শাস্তি দিতে সরকার ন্যূনতম ছাড় দেবে না। এ ছাড়া বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা ও অন্য ধর্ম সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।গতকাল বৃহস্পতিবার ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের হাইকমিশন ও দূতাবাস-প্রধান এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের কাছে সরকারের এ অবস্থানের কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি এদিন দুপুরে তাঁর কার্যালয়ে বিদেশি কূটনীতিকদের রামুর ঘটনা ও পরিস্থিতি অবহিত করেন। প্রায় এক ঘণ্টার ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী রামুর হামলা-পরবর্তী পরিস্থিতিতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন। পররাষ্ট্রমন্ত্রী বিদেশি কূটনীতিকদের জানান, রামুর হামলাস্থল ও এর আশপাশের এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার গভীর নজরদারিতে রয়েছে। যেকোনো অপ্রত্যাশিত ঘটনা চলমান তদন্ত কার্যক্রম ও বিদ্যমান শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করতে পারে। এ পরিপ্রেক্ষিতে এখন ওই এলাকায় কূটনীতিকদের চলাচল না করার অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা সাংবাদিকদের বলেন, ‘রামুর হামলার বিষয়ে এখন পর্যন্ত সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে আমাদের ব্যাখ্যা করেছেন পররাষ্ট্রমন্ত্রী। রামু নিয়ে সরকারের যে দৃষ্টিভঙ্গি আমরা তার ভূয়সী প্রশংসা করি।’যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন বলেন, রামুর হামলার মূল কারণ উদ্ঘাটন করার ব্যাপারে বাংলাদেশ সরকার কোনো রকম ছাড় দেবে না বলে দীপু মনি জানিয়েছেন। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানান। এ ছাড়া বৈঠকে জানানো হয়, বৌদ্ধ সম্প্রদায়ের জন্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।