গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জের ধরে হামলার অভিযোগ উঠেছে। হামলায় স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। মুছাপুর ইউনিয়নের মালিবাগ কেরামতিয়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পুলিশ হামলার অভিযোগে ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ১২ মে উপজেলার মুছাপুর ইউনিয়নের মালিবাগ কেরামতিয়া উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্যানেল অংশ নেয়। এর মধ্যে নির্বাচিত হয় অভিভাবক প্রতিনিধি চারজন ও সংরক্ষিত মহিলা প্রতিনিধি একজন ও শিক্ষক প্রতিনিধি দুজন। গতকাল সোমবার নির্বাচিত পরিচালনা কমিটির লোকজন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে বসে আলোচনা করছিলেন। দুপুর ১২টার দিকে পরাজিত প্যানেলের লিটন, বজলুর রহমান, মজিদ, মোবাচ্ছেরসহ একদল লোক সেখানে যায়। এ সময় স্কুলের শিক্ষকসহ অন্যরা তাদের বাধা দেয়। প্রথমে তারা শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ও মারধর করে। হামলায় প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, জ্যেষ্ঠ সহকারী শিক্ষক আবদুল মজিদ, দশম শ্রেণীর শিক্ষার্থী শান্তা (১৪), লাবণী (১৪), রানা (১৪), পথচারী শাহাবুদ্দিনসহ ১০ জন আহত হয়। এ সময় বিদ্যালয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে মোবাশ্বের (৩২) নামের একজন যুবককে আটক করেছে। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। মালিবাগ কেরামতিয়া উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আবদুল মজিদ সাংবাদিকদের জানান, দুপুরে নবনির্বাচিত পরিচালনা কমিটির লোকজন বসে বিদ্যালয় পরিচালনার বিষয়ে আলোচনাকালে এ হামলার ঘটনা ঘটে। হামলার অভিযোগ অস্বীকার করে বিদ্যালয় পরিচালনা কমিটি নির্বাচনে পরাজিত প্রার্থীর সমর্থনকারী দাতা সদস্য বজলুর রহমান সাংবাদিকদের জানান, তিনি স্কুলের দাতা সদস্য হলেও তাকে নির্বাচনের পর স্কুলে প্রবেশ করতে দেওয়া হয়নি।