হামলায় প্রার্থীসহ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীর সমর্থকদের ওপর আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকদের হামলায় ১০ জন আহত হয়েছেন। পুলিশ হামলাকারীদের গ্রেপ্তার না করে উল্টো হামলায় আহত শহর বিএনপির সভাপতি অনাদী দাসসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার সকালে আহত অনাদী দাসকে ঝালকাঠি থানা-পুলিশ গ্রেপ্তার করে। পরে তাঁকে চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া গ্রেপ্তার হওয়া স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ ও জেলা যুবদলের সদস্য আবদুল মতিনকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমনি চাকমা বলেন, রুবেল ডাকুয়া নামে ছাত্রলীগের এক নেতার ওপর হামলার ঘটনায় বিএনপির ৩৮ জন নেতা-কর্মীর নামে দায়ের করা মামলার আসামি হিসেবে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া তিনজন ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সরদার এনামুল হকের সমর্থক। আর মামলার বাদী আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানের সমর্থক।
এনামুল হক বলেন, ‘সোমবার রাতে পশ্চিম ঝালকাঠির বাসন্ডা গ্রামে উঠান বৈঠক চলাকালে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সুলতান হোসেন খানের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালায়। হামলায় আমি ও শহর বিএনপির সভাপতি অনাদী দাস, যুবদল নেতা তুহিনসহ ১০ জন আহত হন। আহত ব্যক্তিরা গ্রেপ্তার-আতঙ্কে হাসপাতালে চিকিৎসা নেননি।’
গতকাল দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাসভবনে সংবাদ সমেঞ্চলনে সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম অভিযোগ করেন, হামলার পর থানায় অভিযোগ দিলেও পুলিশ মামলা নেয়নি। উল্টো হামলায় গুরুতর আহত অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন অনাদী দাসসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি আরও অভিযোগ করেন, থানার পুলিশসহ গোটা প্রশাসন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সুলতান হোসেন খানকে বিজয়ী করার জন্য কাজ করছে। শহরে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা ৪০/৫০ জন একত্রে মোটরসাইকেল মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করলেও পুলিশ বাধা দিচ্ছে না। অথচ বিএনপি-সমর্থকদেররাস্তায় নামতে দিচ্ছে না।
যোগাযোগের চেষ্টা করে সুলতান হোসেন খানকে পাওয়া যায়নি। তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট রাজা রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের প্রার্থী সোমবার রাত পর্যন্ত শহরের বাইরে প্রচারণা চালিয়েছেন। শুনেছি রাতে বিএনপির দুই গ্রুপে মারামারি করেছে। নিজেরা মারামারি করে আহত হয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।’
সোমবার দায়ের করা একটি মামলার বাদী ছাত্রলীগের কর্মী দাবিদার রুবেল ডাকুয়া বলেন, ‘এনামুল হকের সমর্থক শহর বিএনপির সভাপতি অনাদী দাসের হুকুমে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে আহত করে টাকাপয়সা ছিনিয়ে নিয়ে যায়। আমি ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছি।’
জেলা রিটার্নিং কর্মকর্তা এ কে এম সোহেল বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও পুলিশের বিরুদ্ধে এনামুল হকের অভিযোগ পেয়েছি। সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন বা পুলিশের কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’