হামলায় বিএনপির সাংসদের উসকানি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলবাদী ও দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে অতর্কিতে রামুর বৌদ্ধ বসতি ও উপাসনালয়ে হামলা চালিয়েছে এবং এর পেছনে স্থানীয় বিএনপির সাংসদের উসকানি রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।গতকাল রোববার সকালে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে তিনি রামু যান। সঙ্গে ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন, র্যা বের মহাপরিচালক মোখলেছুর রহমানসহ ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা। সন্ধ্যায় ঢাকায় ফিরে তেজগাঁও হেলিপ্যাডে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেই এলাকায় (কক্সবাজার-৩) বিএনপির একজন সাংসদ আছেন। অভিযোগ এসেছে, ওই সাংসদ তাণ্ডবলীলা সৃষ্টি, এমনকি খুন করার আহ্বানও জানিয়েছিলেন। তিনি আমাদের সঙ্গে দেখা করেননি। নারকীয় ঘটনার পর তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সমবেদনা জানাতেও যাননি।’মন্ত্রী বলেন, বিষয়টিকে আইনের কাঠামোর আলোকে এবং সাম্প্রদায়িক অপতত্পরতা বন্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার আলোকে বিবেচনা করা হবে। তিনি বা তাঁর সহযোগী অন্য যাঁরা অপতত্পরতা চালিয়েছেন কিংবা উসকানি দিয়েছেন, যথাযথ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের পর তাঁদের আইনের আওতায় আনা হবে।তবে কক্সবাজার-৩ আসনের সাংসদ লুত্ফর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে যান। রামু গোলচত্বরে গিয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)—সবাই একসঙ্গে উত্তেজিত জনতাকে থামানোর চেষ্টা করেন। তাঁরা মাইকে বক্তব্য দেন। সাংসদ লুত্ফর বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয় এটা না জেনে বলেছেন, না হয় দোষ চাপানোর রাজনৈতিক উদ্দেশ্যে জাতিকে বিভ্রান্ত করার জন্য বলেছেন।স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, মৌলবাদীরা এই ষড়যন্ত্রের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল, তা না হলে তাত্ক্ষণিকভাবে সেখানে এমন তাণ্ডব চালানো সম্ভব হতো না। সেখানে গানপাউডার বা এ ধরনের বিস্ফোরক, কেরোসিন ও পেট্রোল ব্যবহার করা হয়েছে। মৌলবাদীরা সংঘবদ্ধ হয়ে একই সঙ্গে বিভিন্ন জায়গায় এ আক্রমণ পরিচালনা করেছে। আশপাশের থানাগুলোতে যেন এ ধরনের ঘটনা আর ঘটতে না পারে, সে জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। পটিয়ায় বৌদ্ধ স্থাপনার ওপর হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হামলা হয়েছে বলে আমরা খবর পেয়েছি। তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে।’ঘটনা তদন্তে চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টির জন্য এ ঘটনা: গতকাল তথ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এক ধর্মের সঙ্গে আরেক ধর্মের মানুষের দ্বন্দ্ব সৃষ্টির জন্যই রামুর ঘটনা ঘটানো হয়েছে। সুপরিকল্পিতভাবে কিছু সন্ত্রাসী রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির জন্য এ কাজ করেছে।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক বিবৃতিতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা হামলাকারীদের শাস্তি ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণের দাবি জানান।