জামালপুরের সরিষাবাড়ী রেলস্টেশনের টিকিট কাউন্টারে হামলায় বুকিং সহকারী আহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে কয়েকজন যাত্রী টিকিট না পেয়ে এ হামলা চালায়। এ ঘটনার পর গতকাল বুধবার সকাল থেকে এখানে টিকিট বিক্রি বন্ধ রয়েছে। ফলে ট্রেন যাত্রীরা টিকিট না পেয়ে বিপাকে পড়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী রেলস্টেশনের স্টেশনমাস্টার ফজলুল হক গতকাল বেলা আড়াইটায় প্রথম আলোকে বলেন, টিকিট কাউন্টারে দুর্বৃত্তদের হামলায় বুকিং সহকারী আহত হওয়ায় সকাল থেকে টিকিট বিক্রি বন্ধ রয়েছে। বিষয়টি রেলের ঢাকা ও চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। বুকিং সহকারী এলে ও ওপরের নির্দেশ পেলে টিকিট বিক্রি শুরু করা হবে।
রেলস্টেশন সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত দুইটায় টিকিট কাউন্টারে আন্তনগর ট্রেনের চারটি টিকিট চেয়ে না পাওয়ায় কয়েকজন যাত্রী কর্তব্যরত বুকিং সহকারী আলতাফ হোসেন আকন্দের (৩৫) ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন। পরে খবর পেয়ে সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির (জিআরপি) পুলিশ আলতাফ হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় গতকাল সকাল থেকে আন্তনগর অগ্নিবীণা, যমুনা এবং মেইল ট্রেন ধলেশ্বরী, ৩৭ আপ লোকাল ট্রেনের টিকিট বিক্রি বন্ধ রাখা হয়।
ঢাকাগামী অগ্নিবীণা ট্রেনের যাত্রী আমিনুল ইসলাম গতকাল বেলা আড়াইটার দিকে বলেন, ‘সকাল থেকে স্টেশনে বসে থেকে টিকিট না পাওয়ায় এখন বাড়ি ফিরে যাচ্ছি।’
ঢাকাগামী আন্তনগর যমুনা ট্রেনের যাত্রী ফারুখ হোসেন বলেন, ‘টিকিট কাউন্টার বন্ধ থাকা এবং টিকিট না পাওয়ায় ঢাকা যেতে না পেরে বিপদে আছি।’
সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইয়ার আলী বলেন, বুকিং সহকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।