হামলায় ব্যবসায়ী নিহত, গ্রেপ্তার ১
শেরপুরের নকলা উপজেলায় মুঠোফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে হামলায় এক আসবাব ব্যবসায়ী নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলা শহরের বাদাগৈড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মো. কামরুজ্জামান (৩৫)। গ্রেপ্তার হওয়া তরুণের নাম সুজন (১৮)। তাঁরা নকলা পৌর শহরের বাদাগৈড় এলাকার বাসিন্দা।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে নকলা শহরের একটি দোকান থেকে আকাশ নামের একজনের একটি মুঠোফোন চুরি হয়। এ ব্যাপারে শুক্রবার রাত আটটার দিকে বাদাগৈড় মোড় এলাকায় স্থানীয় ২০-২৫ জন ব্যক্তিকে নিয়ে সালিস বৈঠকের আয়োজন করা হয়। সেখানে কামরুজ্জামানের সঙ্গে বাদাগৈড় এলাকার হাসানের (২৪) বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হাসান ও তাঁর সহযোগীরা কামরুজ্জামানকে কিল-ঘুষিসহ বেদম মারধর করেন। এতে আহত হলে রাত সাড়ে ১০টার দিকে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর হাসান ও তাঁর সহযোগীরা পালিয়ে গেছেন। গতকাল শনিবার বিকেলে শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত হয়েছে।