হামলায় ব্যবসায়ীসহ আহত ১০, গ্র্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা রেলক্রসিং এলাকায় সোমবার রাতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে বাজারের ব্যবসায়ীসহ কমপক্ষে ১০ জনকে জখম করেছে। ওই ঘটনায় গতকাল মঙ্গলবার কালিয়াকৈর থানায় একটি মামলা করলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন পিংকু মিয়া (২২), সুজন মিয়া (১৯) ও অষিত চন্দ্র (২০)।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মাটিকাটা রেলক্রসিং এলাকায় সোমবার রাতে পূর্বশত্রুতার জের ধরে ২০-৩০ জনের একদল সন্ত্রাসী লোহার রড, লাঠি নিয়ে এসে জসিম উদ্দিন নামের এক ব্যবসায়ীকে মারধর করতে থাকে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে বাধা দিলে সন্ত্রাসীরা তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। পরে তারা ওই বাজারের পাঁচ-ছয়টি দোকান ভাঙচুর ও লুটপাট করে পালিয়ে যায়।হামলায় ব্যবসায়ী রফিকুল ইসলাম, শাজাহান মিয়া, জাহাঙ্গীর, সামছুলসহ কমপক্ষে ১০ জন আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। ওই ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে ব্যবসায়ী জসিম উদ্দিন বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন।