বালুমহাল নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মানিকগঞ্জে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন জেলা যুবলীগের দপ্তর সম্পাদক আবুল বাশার। তাঁকে মুমূর্ষু অবস্থায় ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম-দাশড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আবুল বাশারের ওপর হামলার প্রতিবাদে জেলা যুবলীগের নেতা-কর্মীরা শহরে মিছিল ও সমাবেশ করেছেন। সমাবেশে তাঁরা দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, জেলা যুবলীগের নেতা আবুল বাশার এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক (বর্তমানে জেলা যুবলীগের কর্মী) দীর্ঘদিন ধরে মাটির ব্যবসা করেন। কয়েক মাস আগে তাঁরা মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ি এলাকায় কালীগঙ্গা নদীতে বালুমহাল ইজারা নেন। সম্প্রতি বালুমহাল নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে বাশার ও হাসেমের মধ্যে বিরোধ দেখা দেয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে পায়ে হেঁটে আবুল বাশার পৌর এলাকার বেউথা থেকে পশ্চিম দাশড়ায় যাচ্ছিলেন। এ সময় পশ্চিম দাশড়া (বেউথা সড়ক) এলাকায় হাশেম আলীর ছোট ভাই হাসমত আলী, তাঁর সহযোগী আদম আলীসহ আরও ১০-১২ জন সন্ত্রাসী রামদা, চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে বাশারকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান।মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল মালেক খান বলেন, বাশারকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আটটি আঘাতে মারাত্মক জখম হয়েছে। এর মধ্যে বাঁ চোখ ও ডান হাতের অধিকাংশ কেটে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।আবুল বাশারের ওপর হামলার প্রতিবাদে মিছিল শেষে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে সমাবেশের আয়োজন করা হয়। এতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানজিদ উল্লাহ প্রধান ও সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক বক্তব্য দেন। ঘটনার সত্যতা স্বীকার করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, বালুমহাল ইজারার নিয়ন্ত্রণ নিয়ে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে।