হামলায় হিন্দুদের ধর্মসভা পণ্ড আহত ৬
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে গতকাল বুধবার রাতে দুর্বৃত্তদের হামলায় হিন্দু ধর্মাবলম্বীদের ‘ধর্মসভা ও ভক্ত সম্মেলন’ পণ্ড হয়ে গেছে। এ ঘটনায় ছয়জন আহত হন।
আহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের টুকু চন্দ্র প্রামাণিক, বিলু চন্দ্র সরকার, সিন্ধু বালা, অঞ্জলী রানী, অলক চন্দ্র সরকার ও নির্মল চন্দ্র সরকার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত নয়টার দিকে পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের ঠাকুরবাড়িতে ধর্মসভা ও ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়। একপর্যায়ে ১০-১২ জনের একদল সশস্ত্র যুবক ধর্মসভায় আগত ব্যক্তিদের ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীদের অনেকে মুখোশ পরা ছিলেন। হামলায় ছয়জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকসেদ চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ কবির রাতে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।