বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর কৃষি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় কলেজের একটি বাস ভাঙচুর করা হয়। হামলায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। কলেজের উপসহকারী প্রশিক্ষক মিজানুর রহমানের ইন্ধনে এই হামলার ঘটনা ঘটেছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।
শিক্ষার্থীরা জানান, গত রোববার রাতে কৃষি ইনস্টিটিউটের হলরুমে শিক্ষার্থীরা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখছিলেন। খেলার বিরতিতে ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী রাকিবুল হাসান হলের বাইরে গেলে ক্যাম্পাসের ভেতরে আগে থেকে ওত পেতে থাকা একদল বহিরাগত তাঁর ওপর হামলা চালায়। তাঁর চিৎকার শুনে হলরুম থেকে শিক্ষার্থীরা এগিয়ে এলে তাঁদের ওপরও হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা কলেজের একটি বাস এবং একাডেমিক ভবনের দরজা-জানালার কাচ ভাঙচুর করে। তাদের হামলায় ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী আবু সায়েম, দ্বীপ রাজ, অনিক তুহিনসহ ১০ জন আহত হয়েছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের উপসহকারী প্রশিক্ষক মিজানুর রহমানের ভাতিজা নির্ঝর কয়েক দিন আগে রাকিবুলকে ছাত্রলীগের রাজনীতি ছেড়ে দিতে হুমকি দেন। এই বিষয় নিয়ে বিরোধের জেরে রাকিবুলের ওপর হামলা চালানো হয়েছে।
কৃষি ইনস্টিটিউটের অধ্যক্ষ ওসমান খান জানান, বহিরাগতদের হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁরা একটি বাস ও একাডেমিক ভবনে ভাঙচুর করেছে। এ ব্যাপারে একাডেমিক কাউন্সিলে সভা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা মিজানুরকে মারধর করেছে বলে জানা গেছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদুজ্জামান জানান, পুলিশ পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। মিজানুর রহমানের ইন্ধনে এই হামলার ঘটনা ঘটেছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। একপর্যায়ে শিক্ষার্থীরা ওই প্রশিক্ষককে মারধর করেছেন।
এ ব্যাপারে মিজানুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।