
রাজধানীর পল্লবীর কুর্মিটোলা বিহারি ক্যাম্পে গতকাল শনিবার ভোরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের নয়জন মারা গেছেন। এ নিয়ে বিহাির ক্যাম্পের বাসিন্দাদের সঙ্গে পুলিশ ও আশপাশের যুবকদের ত্রিমুখী সংঘর্ষে একজন তরুণ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন৷
ভোর সাড়ে পাঁচটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাত ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।
পুড়ে মারা যাওয়া ব্যক্তিরা হচ্ছেন ক্যাম্পের বাসিন্দা ইয়াছিন আলীর স্ত্রী বেবি আক্তার (৪০), তাঁদের যমজ সন্তান লালু হোসেন ও ভুলু হোসেন (১৪), তিন মেয়ে শাহানা আক্তার (২৪), রোকসানা বেগম (১৮), আফসানা আক্তার (২০) ও ইয়াছিনের নাতি দুই বছর বয়সী মারুফ। আর ১৮ বছর বয়সী আজাদকে পুলিশ গুলি করে হত্যা করেছে বলে স্বজনদের দাবি।
তবে পুলিশ জানায়, পুলিশের নয়, ক্যাম্পের লোকজনের করা গুলিতে আজাদ মারা গেছেন। পুড়ে যাওয়া বাকি দুটি লাশের ব্যাপারে রাত ১২টার দিকে পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মহেশ চন্দ্র প্রথম আলোকে বলেন, ওই দুটি লাশও ইয়াছিনের পরিবারের৷ একটি লাশ তাঁর ছেলে আশিক (২৫) ও অপরটি আশিকের স্ত্রী শিখার (১৮)৷
কুর্মিটোলা ক্যাম্পের বাসিন্দারা অভিযোগ করেছেন, স্থানীয় সাংসদের কথামতো নিউ কুর্মিটোলা ক্যাম্প থেকে পাশের রাজি বস্তিতে বিদ্যুৎ-সংযোগ না দেওয়ায় সাংসদের নির্দেশে যুবলীগের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। তাঁরা পুলিশের সামনে অগ্নিসংযোগও করেছেন। তবে পুলিশের দাবি, তাদের সামনে এ ঘটনা ঘটেনি। বিহারি ক্যাম্পে আতশবাজি পোড়ানো ও ফোটানো নিয়ে প্রথমে বিহারি ক্যাম্পের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়৷ পরে আশপাশের বাসিন্দাদের সঙ্গেও সংঘর্ষ বাধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাদের সঙ্গেও ক্যাম্পবাসীর সংঘর্ষ হয়।
জানতে চাইলে সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ বলেন, কোনো বস্তির সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। বস্তিবাসী বিদ্যুৎ-সংযোগের দাবিতে সড়ক অবরোধ করায় তিনি সংযোগ দিতে চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছিলেন। এ জন্য তিনি ক্যাম্পের চেয়ারম্যানকে সংযোগ দিতে বলেছিলেন। এ নিয়ে তাঁদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। তাঁর কোনো লোক কিংবা যুবলীগের কেউ বিহারিদের ওপর হামলার সঙ্গে জড়িত থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সাংসদ।
পল্লবীর কালশী রোডের মাথায় বাঁ দিকে মোড় নিলেই আটকে পড়া পাকিস্তানিদের ক্যাম্প (কেটিসি)। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পের বাসিন্দারা জানান, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে পল্লবী থানার পুলিশ কুর্মিটোলা ক্যাম্পে যায়। তারা পটকাবাজি ও আতশবাজি ফোটানোর অভিযোগে ক্যাম্পে অভিযান চালায়। এ নিয়ে ক্যাম্পের তরুণ-যুবকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ ক্যাম্পের সামনের রাস্তায় ছড়িয়ে পড়ে। ক্যাম্পের বাসিন্দারা পুলিশের ওপর ইটপাটকেল, ককটেল ও পটকা ছুড়তে থাকেন। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশও কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এ সময় কালশী রোড ও মিরপুর নিউ ডিওএইচএসে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পের বাসিন্দারা জানান, সংঘর্ষের একপর্যায়ে কুর্মিটোলা ক্যাম্পের কাছে লালমাটিয়া বস্তি ও বাউনিয়াবাদ থেকে একদল যুবক অস্ত্র,
লাঠিসোঁটা ও চাপাতি নিয়ে ক্যাম্পের বাড়িঘরে হামলা চালাতে থাকেন। ক্যাম্পের বাসিন্দারা জানান, এঁরা স্থানীয় সাংসদের ঘনিষ্ঠ যুবলীগের নেতা-কর্মী।
এ ঘটনায় অর্ধশতাধিক আহত ব্যক্তির মধ্যে পুলিশের মিরপুর অঞ্চলের সহকারী মুহম্মদ কামাল হোসেন, ওসি জিয়াউজ্জামানসহ পুলিশের ১০ সদস্য রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে যুবলীগের কর্মীরা কুর্মিটোলা ক্যাম্পের বাইরে থেকে ইয়াছিন আলীর ঘরসহ লাগোয়া আরও আটটি ঘরে তালা লাগিয়ে আগুন দেন। তাঁরা ক্যাম্পের আশপাশের দোকানপাট ভাঙচুর করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মিরপুরের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আহত ব্যক্তিদের ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুন আহমেদ বলেন, আটটি ঘরে তালা লাগানো ছিল। ভেতরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে বাধা দেন হামলাকারীরা। পরে ক্যাম্পের বাসিন্দারা দরজা ভেঙে শিশু-নারীসহ নয়জনের লাশ ও আহত ছয়জনকে উদ্ধার করেন। ক্যাম্পের বাসিন্দারা অভিযোগ করেন, পুলিশ ক্যাম্পের ঘরে ঘরে ঢুকে নির্বিচারে পিটিয়েছে। স্ত্রী, সন্তান, নাতিসহ নয়জনকে হারিয়ে বিলাপ করছিলেন সেলুনের কর্মী ইয়াছিন আলী। তিনি বলেন, সকালে হাঁটতে বেরিয়েছিলেন। ফিরে এসে দেখেন, তাঁর ঘরটি দাউ দাউ করে জ্বলছে। তাঁর চোখের সামনে একে একে সাতটি প্রাণ আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেলেও তিনি কিছুই করতে পারলেন না। তিনি থাকার আশ্রয়টুকুও হারালেন।
পল্লবী থানার ওসি জিয়াউজ্জামান গতকাল সন্ধ্যায় জানান, সংঘর্ষের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। পুলিশ আহত হওয়ার ঘটনায় পুলিশের পক্ষ থেকেও থানায় মামলা করা হবে। তিনি বলেন, শবে বরাতের রাতে ক্যাম্পে আতশবাজি পোড়ানোর ঘটনায় ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মর্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী: মিরপুরের কালশীর বিহারি ক্যাম্পে ১০ জন নিহত হওয়ার বিষয়টিকে ‘দুর্ঘটনা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান৷ বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গের সামনে সাংবাদিকদের তিনি এও বলেন, এ ঘটনায় কারও ইন্ধন থাকলে ব্যবস্থা নেওয়া হবে৷
‘তদন্তের আগে এ বিষয়ে কিছু বলব না’—একাধিকবার এমন কথা বলার পরও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যেভাবে আতশবাজি, পটকা ফুটেছে, সেখান থেকে আগুন লেগে যেতে পারে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনারের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে এরই মধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে।
লাশ দাফনে ২০ হাজার টাকা: ১০ জনের দাফন সম্পন্ন করতে লাশপ্রতি ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। ঘটনাস্থলে উপস্থিত ঢাকার জেলা প্রশাসক এ কথা জানান৷
নিন্দা: এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে নাগরিক ঐক্য, বিহারি বাঙালি ঐক্য পরিষদ ও ইন্ডিয়ান বংশোদ্ভূত উদুর্ভাষী সংখ্যালঘু কাউন্সিল-বাংলাদেশ। গতকাল পৃথক বিবৃতিতে সংগঠনগুলোর নেতারা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।