হামহামকে পর্যটন কেন্দ্রে পরিণত করার আহ্বান
মাধবকুণ্ডের পর সিলেট অঞ্চলের নতুন জলপ্রপাত হামহাম। প্রায় ১৬০ ফুট উচ্চতাবিশিষ্ট এ জলপ্রপাতকে পর্যটনকেন্দ্রে রূপান্তর করার সম্ভাবনা বিদ্যমান। দুর্গম যাতায়াতব্যবস্থার উন্নয়ন করে এ জলপ্রপাতের মাধ্যমে পর্যটনশিল্পে আরেকটি নতুন দিগের সূচনার সম্ভাবনা রয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সিলেটে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত সেমিনারে বক্তারা এ আহ্বান জানান। গতকাল রাতে সিলেট নগরের একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে বাপা আয়োজিত সেমিনারে জলপ্রপাত হামহাম নিয়ে বিষয়ভিত্তিক আলোচনায় সহযোগী আয়োজক ছিল স্বেচ্ছাসেবী সংস্থা রোটারি ক্লাব অব সানশাইন। বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরী, মৌলভীবাজারের সাংসদ নবাব আলী আব্বাস সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে হামহাম জলপ্রপাতের ওপর প্রথম আলোর কমলগঞ্জ প্রতিনিধি মজিবুর রহমান ও বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের সিলেটের স্টাফ রিপোর্টার আবদুল আলিম শাহ লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন। বাপার সাধারণ সম্পাদক আবদুল করিম কিমের সঞ্চালনায় সেমিনারে উপস্থাপিত প্রবন্ধে মৌলভীবাজারের কমলগঞ্জে হামহাম জলপ্রপাত আবিষকৃত হওয়া, নামকরণ ও বর্তমানে যাতায়াত দুর্ভোগের চিত্র তুলে ধরা হয়। বন ও পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক এ জলপ্রপাতে যাতায়াত বিড়ম্বনা ঘোচালে দেশব্যাপী পরিচিত মাধবকুণ্ডের মতো বিখ্যাত পর্যটনকেন্দ্রে রূপ লাভ করার সম্ভাবনার কথা প্রবন্ধে উল্লেখ করা হয়।উপস্থাপিত প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের বিভাগীয় প্রধান আবদুল আউয়াল বিশ্বাস, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা দেলওয়ার হোসেন, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ফারহান আহমদ, আইনজীবী এম এ মালেক, কফিলউদ্দিন প্রমুখ।