হামিদকে রাষ্ট্রপতি পদে আ.লীগের পছন্দের কথা জানিয়েছেন আশরাফ
রাষ্ট্রপতি পদে আবদুল হামিদকে আওয়ামী লীগের পছন্দের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। তাঁকে দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে যাওয়ার প্রস্তুতি নেওয়ার অনুরোধ করা হয়েছে। গত বুধবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি প্রধানমন্ত্রীর বার্তা আবদুল হামিদের কাছে পৌঁছে দেন বলে সরকার ও আওয়ামী লীগের উচ্চপর্যায়ের সূত্র থেকে জানা গেছে।দলীয় সূত্র জানায়, আবদুল হামিদের কাছে রাষ্ট্রপতি পদের মনোনয়ন ফরম পাঠানো হয়েছে। স্পিকার হিসেবে আনুষ্ঠানিক কোনো কাগজপত্রে সই না করতে তাঁকে অনুরোধ করা হয়েছে। ২১ এপ্রিল রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই দিনই আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকেই রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের নাম প্রস্তাব ও সমর্থন করা হবে। এরপর দলীয় মনোনয়ন নিয়ে সাংসদেরা নির্বাচন কমিশন কার্যালয়ে জমা দেবেন। ২৯ এপ্রিল জাতীয় সংসদে ভোট গ্রহণের তারিখ। তবে একাধিক প্রার্থী না থাকলে ২৪ এপ্রিলই একমাত্র প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ধারণা করা হচ্ছে, বিরোধী দল এ পদে কাউকে মনোনয়ন দেবে না। তেমনটা হলে, আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবদুল হামিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।