হামিদাকে চিকিৎসা দিচ্ছে অ্যাপেক্স ফুটওয়্যার কর্তৃপক্ষ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবস্থিত অ্যাপেক্স ফুটওয়্যার কারখানার লাস্টিং সেকশনের কর্মী হামিদা আক্তারের গর্ভপাতের ঘটনায় কারখানার কারও গাফিলতি ছিল না বলে কর্তৃপক্ষ জানিয়েছে। গতকাল রোববার হামিদাকে কারখানার চিকিৎসাকেন্দ্রে রেখে পরিচর্যা করা হয়। পরে কারখানা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাঁকে সফিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সকালে হামিদা আক্তারের সঙ্গে কথা হয় কারখানার চিকিৎসাকেন্দ্রে। তিনি বলেন, ‘আমার সন্তান পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। এর জন্য আমি কাউকে দায়ী করি না।’
কারখানার মহাব্যবস্থাপক (জিএম) সৈয়দ মো. মোস্তফা প্রথম আলোকে জানান, প্রথম সন্তান প্রসবের সময় ছুটি চাওয়ার সঙ্গে সঙ্গে হামিদাকে ছুটি দেওয়া হয়েছিল। মাতৃত্বকালীন ভাতাও পেয়েছেন। আবারও যে তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন, সেটি তিনি কারখানা কর্তৃপক্ষকে জানাননি। তিনি আরও জানান, গত বছর অ্যাপেক্স ফুটওয়ার কারখানা থেকে ১৫৭ জন শ্রমিককে মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়েছে। তাঁদের মোট ৬০ লাখ ৭৪ হাজার ৮০৫ টাকা ভাতা দেওয়া হয়েছে। আর চলতি বছর ৬০ জনকে মাতৃত্বকালীন ভাতা দেওয়া হয়েছে ২৪ লাখ ৪৮ হাজার টাকার।
হামিদার পরিবার সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সত্তষপুর গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে হামিদা আক্তার। হামিদা আক্তার তাঁর স্বামী বাদল মিয়া ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় চেয়ারম্যান কলোনিতে ভাড়া থাকেন। তাঁর নয় মাস বয়সের এক ছেলে রয়েছে। দ্বিতীয়বার গর্ভধারণের পাঁচ-ছয় মাস হয়েছে। শনিবার দুপুরে হামিদা পেটে ব্যথা অনুভব করেন। পরে তিনি কারখানার টয়লেটে গেলে তাঁর গর্ভপাত হয়।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ: গতকাল পাঠানো অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের এক প্রতিবাদলিপিতে বলা হয়েছে, গত শনিবার কারখানায় একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। দুপুরে হামিদা আক্তার নামে কোম্পানির একজন কর্মচারীর পেটে ব্যথা শুরু হলে তিনি কারখানার মেডিকেল সেন্টারে যোগাযোগ করেন। চিকিৎসক পেটব্যথার কারণ জানতে চাইলে তিনি অন্তঃসত্ত্বা থাকার বিষয়টি জানাননি। পরে তিনি কর্তব্যরত চিকিৎসকের পরামর্শমতো কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সুস্থবোধ করলে পুনরায় কাজে যোগ দেন। কিন্তু কিছুক্ষণ পর আবারও পেটব্যথা অনুভব করলে তিনি দ্রুত টয়লেটে যান ও সেখানে পাঁচ মাসের অপরিণত একটি ভ্রূণ প্রসব করেন। ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গে কারখানা কর্তৃপক্ষ তাঁর আত্মীয়স্বজনকে খবর দেন এবং দ্রুত তাঁকে কালিয়াকৈরের মডার্ন হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক দ্রুত তাঁর চিকিৎসার ব্যবস্থা নেন। যথাযথ চিকিৎসা সেবা প্রদান করার পর চিকিৎসক তাঁকে বিশ্রামের পরামর্শ দেন। হামিদা আক্তার কারখানা কর্তৃপক্ষকে ঘটনার আগে কখনোই তাঁর অন্তঃসত্ত্বা থাকার বিষয়টি জানাননি। তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত না জেনে পত্রপত্রিকায় ভুল তথ্য এবং ধারণার ওপর ভিত্তি করে খবর ছাপা হয়। যেখানে বলা হয়, অন্তঃসত্ত্বা হামিদা আক্তার প্রসূতিকালীন ছুটি না পেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরে টয়লেটে সন্তান প্রসব করেন, যা আসলে সত্যি নয়।