হামিদুজ্জামানের ক্যানভাসে প্রকৃতি ও মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী হামিদুজ্জামান খান
শিল্পী হামিদুজ্জামান খান

হামিদুজ্জামান খান কাজপাগল এক শিল্পী। তাঁর বয়স সত্তর, কিন্তু কাজ দেখে বোঝার উপায় কই? গত মার্চে ভাস্কর্য প্রদর্শনী করেছিলেন, আর সেপ্টেম্বরেই আবার চিত্র প্রদর্শনী। রাজধানীর শিল্পাঙ্গন গ্যালারিতে আয়োজিত হয়েছে তাঁর ২৭তম একক প্রদর্শনী ‘অব নেচার, বোটস অ্যান্ড ফেইসেস’। ৭০তম জন্মবর্ষ চলছে, তাই ৭০টি ছবি স্থান পেল এ প্রদর্শনীতে।
এই ছবিগুলো শিল্পী সঞ্চয় করেছেন দেশ-বিদেশ ঘুরে। শিল্পীই জানালেন, ছোট স্কেচগুলো অনেক আগে করা। সুন্দরবনে যখন গিয়েছিলেন, তখন। আর বড় কাজগুলো ইদানীংকার। একটা ছবি তিনি এঁকেছেন মালদ্বীপে গিয়ে। সেখানকার সমুদ্রের সবুজ রং তাঁকে আকৃষ্ট করেছিল।
আরও আছে পাহাড়ের ছবি। সমতল থেকে পাহাড়ে যাওয়ার অভিজ্ঞতাটা শিল্পীর কাছে অন্য রকম। কত রকম পাহাড় এ প্রদর্শনীতে! আছে নৌকার ছবিও। প্রদর্শনীর ব্রশিওরে শিল্প সমালোচক অধ্যাপক নজরুল ইসলাম লিখেছেন, কর্ণফুলী আর বঙ্গোপসাগরের সাম্পান সেগুলো। জলপ্রবাহ ও নৌকার মধ্যে এক অদ্ভুত ভারসাম্য হামিদুজ্জামানের ছবিতে।
এ ছাড়া আছে হরেক রকম মুখের ছবি। শিল্পীর শিক্ষক সমরজিৎ রায়চৌধুরী বলেন, ছবি দেখলেই বোঝা যায় পোর্ট্রেটের ওপর হামিদুজ্জামানের বিশেষ ঝোঁক আছে। যেকোনো মুখ তাঁকে তাড়িত করে। কালো রং তাঁর খুব পছন্দ।
গতকাল রাতে প্রদর্শনীটি উদ্বোধন করেন সামিট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান আজিজ খান। তিনি চিত্র ও ভাস্কর্যশিল্পে হামিদুজ্জামানের কথা স্মরণ করে বলেন, সংগ্রাহকদের উচিত তাঁর ছবি সংগ্রহ করা।
ইতিমধ্যে অধিকাংশ ছবিতে পড়ে গেছে লাল টিপ, যার মানে ছবিগুলো শিল্পরসিকেরা সংগ্রহ করে নিয়েছেন। এখন কেবল ১৪ অক্টোবরের অপেক্ষা, প্রদর্শনী শেষ না হলে তো ছবিগুলো বাড়ি নেওয়া যাচ্ছে না!
নবীনদের ভালো কাজ চলমান রাখতে হবে
‘নবীনদের শুরুটা বেশ ভালো হয়। কিন্তু দেখা যায় পরে ধারাবাহিকতা রাখতে পারে না। এখন নবীনদের আরও বেশি কাজ করে ভালো কাজকে চলমান রাখতে হবে।’ গতকাল সন্ধ্যায় ধানমন্ডির জ্ঞানতাপস আবদুর রাজ্জাক বিদ্যাপীঠে দুই শিল্পীর শিল্পকর্ম নিয়ে ওপেন স্টুডিওর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী শহিদ কবির এ কথা বলেন।
২০১৫ সালে বেঙ্গল ফাউন্ডেশন প্রবর্তিত ‘সুবীর চৌধুরী শিল্পচর্চা বৃত্তি’ পান দুই তরুণ শিল্পী ঈশিতা মিত্র ও আবীর সোম। দুই শিল্পীর শিল্পকর্ম নিয়ে ওপেন স্টুডিওর উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমেই এই বৃত্তির পুরো কার্যক্রম নিয়ে একটি ভিডিওগ্রাফি দেখানো হয়। অনুষ্ঠানে নিজেদের অনুভূতি বলতে গিয়ে আবীর সোম বলেন, ‘আমাদের এই প্রকল্পে বেঙ্গল কোনো কিছু চাপিয়ে দেয়নি। আমরা চেষ্টা করেছি, যাতে শিল্পে নতুন একটি ভাষা তৈরি করতে পারি।’
শিল্পী ঈশিতা মিত্র বলেন, ‘আমার কাজ দিয়ে বোঝাতে চেয়েছি যে আমাদের যাপিত জীবনে ভালো আছে, খারাপও আছে। ব্যক্তি কোনটা গ্রহণ করবে সেটা তার ব্যাপার।’
শুভেচ্ছা বক্তব্যে বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী বলেন, ‘এখানে তারা যে চিত্রভাষা তৈরি করেছে, সেটি মূল্যবান। নবীন হিসেবে তারাই আসলে পথ নির্মাণ করবে বাংলাদেশের চিত্রকলায়। সেখানেই আমার মনে হয় সুবীরদা বেঁচে থাকবেন।’
প্রদর্শনীটি চলবে ২১ অক্টোবর পর্যন্ত। বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রদর্শনী দেখা যাবে।