হামিদুল্লাহ খানের প্রতি শেষ শ্রদ্ধা আজ দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা এম হামিদুল্লাহ খানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। আজ রোববার তাঁর মরদেহ দাফন করা হবে।সাবেক সাংসদ হামিদুল্লাহ খান বিএনপির বর্তমান কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে হামিদুল্লাহ খান প্রথমে ১১ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ও পরে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। গতকাল শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। এ সময় উপস্থিত ছিলেন দলটির জ্যেষ্ঠ নেতারা। এরপর দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। দলীয় কার্যালয়ের সামনের সড়কে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে স্পিকার আবদুল হামিদ মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিরোধীদলীয় নেতার পক্ষে শ্রদ্ধা জানান হুইপ জয়নুল আবদিন ফারুক। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। পরে মুক্তিযোদ্ধা হামিদুল্লাহ খানকে রাষ্ট্রীয় সম্মান জানাতে পুলিশের একটি দল গার্ড অব অনার জানায়।মরহুমের পরিবার জানিয়েছে, হামিদুল্লাহ খানের মরদেহ গতকাল মুন্সিগঞ্জের লৌহজংয়ের গ্রামের বাড়ি নেওয়া হয়। সেখানে আরেক দফা জানাজা শেষে মরদেহ ঢাকায় এনে সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আজ বোরবার বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।