হামিদের আসনে প্রার্থী হচ্ছেন ছেলে রিজওয়ান
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্ট্রগ্রাম) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের ছেলে রিজওয়ান আহমেদ।
আজ সোমবার বেলা একটায় ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে এ মনোনয়নপত্র নেন রিজওয়ান। আগামী ৩ জুলাই ওই আসনে উপনির্বাচন হবে। অ্যাডভোকেট আবদুল হামিদ স্পিকার থেকে রাষ্ট্রপতি হওয়ায় আসনটি শূন্য হয়।
১০ হাজার টাকায় মনোনয়নপত্র কেনার পর সাংবাদিকদের রিজওয়ান আহমেদ বলেন, ‘এ আসনে নির্বাচিত হলে বাবার অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করব। আমি সবার কাছে দোয়াপ্রার্থী।’
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস জানান, আজ রাত আটটায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা রয়েছে। কিশোরগঞ্জ-৪ আসন থেকে অন্য কেউ মনোনয়ন না কেনায় ওই সভায় রিজওয়ানের প্রার্থিতার বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।