হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামে আক্রান্ত চট্টগ্রামের সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লির তিন বছর বয়সী একটি শিশু গতকাল সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এ নিয়ে সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়া ও ত্রিপুরাপল্লির মোট ১০ শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেল। শিশুটির নাম নিপা ত্রিপুরা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক প্রণব কুমার চৌধুরী বলেন, শিশুটির ছয় দিন ধরে জ্বর ও র‌্যাশ ছিল। শ্বাসকষ্ট ছিল। হাম জটিল হয়ে নিউমোনিয়া ও সেপটিসেমিয়ায় মারা যায় শিশুটি।

৬ থেকে ১২ জুলাইয়ের মধ্যে সীতাকুণ্ডের মধ্যম সোনাইছড়ি এলাকার পাহাড়ে থাকা ত্রিপুরাপাড়ার ৯ শিশু মারা যায়। প্রথমে অজ্ঞাত রোগে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়। ৯ শিশুর মৃত্যুর তিন দিন পর ত্রিপুরাপাড়া থেকে দেড় কিলোমিটার দূরে আরেকটি পাহাড়ে ত্রিপুরাপল্লির শিশুদের মধ্যেও এই রোগ শনাক্ত হয়।

গতকাল মারা যাওয়া শিশুটি সীতাকুণ্ডের দক্ষিণ সোনাইছড়ি বগুলাবাজার এলাকার ত্রিপুরাপল্লির সুভাচান ত্রিপুরার মেয়ে। সুভাচানের আরও দুই মেয়ে রীতা ত্রিপুরা (৫) ও লক্ষ্মী ত্রিপুরা (২) হামে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।