হায় মানবতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরে বাঁচার লড়াইয়ে ক্ষতবিক্ষত হয়েছে শরীর। বিচ্ছিন্ন হয়ে গেছে মাথাও। মালয়েশিয়ার লংকাউই উপকূল থেকে নাবিক নেজাম উদ্দিনের এমনই লাশ তুলে আনেন জেলেরা। মরদেহটির আপাতত ঠাঁই মালয়েশিয়ার সুলতানা বাহিয়া হাসপাতালের হিমঘরে। ক্ষতবিক্ষত এ লাশ দেশে আসার আগেই শুরু হয়ে গেছে আইনি যুদ্ধ। কে হবেন লাশের আইনত উত্তরাধিকারী? সম্পত্তিরও।
উত্তরাধিকার আদায়ের এ যুদ্ধের প্রস্তুতি শুরু হয়েছিল একটি দুর্ঘটনার পর। এমভি হোপের দ্বিতীয় প্রকৌশলী নেজাম উদ্দিনের শেষ সমুদ্রযাত্রা ছিল সেটি। মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দর। থাইল্যান্ডের উপকূল হয়ে এমভি হোপ জাহাজ তখন চট্টগ্রাম বন্দরমুখী। প্রচণ্ড ঝড়ের মুখে পড়ে গত ৪ জুলাই প্রথম প্রহরে কাত হয়ে যায় জাহাজটি। নেজামসহ সবাই সাগরে ঝাঁপ দেন। নয়জন বেঁচে যান। উদ্ধার হয় দুজনের মরদেহও।
দুর্ঘটনার খবর শুনে স্বজনেরা ভিড় করেন মালিকপক্ষের কার্যালয়ে। ভিড় করেন নেজাম উদ্দিনের বাবা নুর মোহাম্মদ। ভাইয়ের খোঁজ নিতে ছুটে আসেন মো. ইদ্রিসও। ছেলের জন্য কাঁদেন বাবা। ভাইয়ের জন্য ভাই। সাংবাদিকেরা সেই ছবি পত্রিকায় ছাপেন।
ঈদের আগে মালিকপক্ষ পরিশোধও করে দেন নাবিকদের বকেয়া বেতনভাতা। নেজামের নমিনি করেছিলেন ভাইকে। মালিকপক্ষও ছয় লাখ ১৩ হাজার টাকা তুলে দেন ভাইয়ের হাতে। সম্ভাবনা আছে ক্ষতিপূরণ বাবদ আনুমানিক আরও ৫০ লাখ টাকা পাওয়ার।
এ খবর পৌঁছে যায় বাবা নুর মোহাম্মদের কাছে। তিনি মালিকপক্ষের কাছে ধরনা দেন। আশ্বাস না পেয়ে নেন আইনি পদক্ষেপ। ‘আপনার তো ছেলে, তার পরও কেন এমন পদক্ষেপ?’ নেজাম উদ্দিনের বাবা নুর মোহাম্মদ বলেন, ‘মেয়ের জামাই ও ছেলে জালিয়াতি করে টাকা তুলে নিয়েছে। ও একটা...। নমিনি করা মানে তো টাকা উঠিয়ে খেয়ে ফেলা নয়। আমিই তো টাকাপয়সা খরচ করে ছেলেকে মানুষ করেছিলাম। নেজামের সবকিছুই তো আমারই হবে।’
বাবার এ কথা ঠিক মানতে পারেন না তাঁরই ছেলে মো. ইদ্রিস। নেজাম উদ্দিনের বড় ভাই মো. ইদ্রিস বলেন, ‘২০০৩ সালে মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপরই আমাদের দুই ভাইকে তাড়িয়ে দেন। আমরা চাচাদের আশ্রয়ে বড় হই। এরপর বাবা কোনো দিন খোঁজ নেননি। জানতেনও না তাঁর এক ছেলে নৌ প্রকৌশলী হয়েছে।’ এত কিছুর পরও বাবা কষ্ট পান, তা চান না ইদ্রিস নিজেও।
পরিবারের তথ্য বলছে, বাবার কাছ থেকে আলাদা হওয়ার পর দুই ভাই নেমে পড়েন জীবনযুদ্ধে। দুই ভাইয়ের প্রতিজ্ঞা ছিল, একজন দেশের বাইরে থাকলে আরেকজন দেশেই থাকবেন। একজনের নমিনি করেন আরেকজনকে। ২০০৪ সালের শেষ দিকে চট্টগ্রাম বন্দর থেকে ইস্টার্ন স্টার জাহাজে ক্যাডেট হিসেবে সমুদ্রজীবন শুরু করেন নেজাম উদ্দিন। কখনো বিদেশে চাকরির জন্য ছুটে যান ইদ্রিস। এভাবেই দুই ভাইয়ের একসঙ্গে পথচলা শুরু। এ পথে এখন সামনে চলে এসেছেন তাঁদেরই বাবা। কী হবে এখন? বিষয়টি আইন অনুযায়ী সমাধান হবে বলে মনে করেন জাহাজ মালিকের মুখপাত্র ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদের। তিনি বলেন, ‘বাবা-ছেলের মধ্যে বিষয়টি নিয়ে অনৈক্য দেখা দিয়েছে। উত্তরাধিকারী বিষয় নিয়ে আইনি নোটিশও পেয়েছি। এখন আমরা আইনি পদক্ষেপের ফলাফলের অপেক্ষায় আছি।’
বাবা-ভাইয়ের মধ্যে এমন আইনি যুদ্ধ দেখে যেতে পারলেন না নেজাম। জীবনের হিসাব চুকিয়ে চলে গেছেন তিনি। শুধু হিসাব মেলেনি স্বজনদের। দেখে যেতে পারলেন না সেসব।