হায় রে বিদ্যুৎ বিল!
ঢাকার সাভার পৌরসভার নামাবাজারের এক কোণে বাইসাইকেলের খুচরা যন্ত্রাংশের ছোট্ট একটি দোকান। ওই দোকানে ২০১৪ সালের আগস্ট মাসের বিদ্যুৎ খরচ দেখানো হয়েছে ৮৮৫ কিলোওয়াট। আবার ওই দোকানেই সাত মাসে খরচ দেখানো হয়েছে ১১০ কিলোওয়াট।
দোকানটির মালিক সাভার উত্তরপাড়ার কাজী নজরুল ইসলাম। বছর তিনেক আগে তপন পাল নামে এক ব্যবসায়ী এটি ভাড়া নিয়েছেন। এরপর থেকেই বিদ্যুৎ বিল নিয়ে তাঁকে নানা ঝামেলা পোহাতে হচ্ছে।
এদিকে বিল পরিশোধ করার পরেও ঢাকার ধামরাইয়ের শ্রীরামপুর গ্রামের রফিকুল ইসলাম নামের এক গ্রাহকের বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ আদালতে মামলা হয়েছে। আগামী ৯ মার্চ আদালতে হাজির হতে তাঁকে সমন দেওয়া হয়েছে।
তপন পাল বলেন, ২০১৪ সালের আগস্ট মাসের অস্বাভাবিক বিলের কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি ওই বছরের সেপ্টেম্বর মাসে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেন। এরপরেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নিয়ে গত বছরের এপ্রিলে দোকানের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে তপন পাল তাঁর দোকানের ২০১৪ ও ২০১৫ সালের বিলসংক্রান্ত তথ্যসহ ২০১৪ সালের আগস্ট মাসের অস্বাভাবিক বিলের কারণ জানতে চেয়ে গত ৪ জানুয়ারি তথ্য অধিকার আইনে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২১ জানুয়ারি তাঁকে তথ্য সরবরাহ করা হয়।
সরবরাহ করা তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের নভেম্বর মাস পর্যন্ত ২৩ মাসের ১২ মাসই দোকানটিতে সংযোগ বিচ্ছিন্ন ছিল। বাকি ১১ মাসের মধ্যে ১০ মাসে ১১০ কিলোওয়াট বিদ্যুৎ খরচ দেখিয়ে বিল করা হয়েছে ২ হাজার ২৪৮ টাকা। আর ২০১৪ সালের আগস্ট মাসে ৮৮৫ কিলোওয়াট বিদ্যুৎ খরচ দেখিয়ে বিল করা হয়েছে ৯ হাজার ৩৭৫ টাকা। এই বিলের কারণ হিসেবে তথ্যে বলা হয়, গ্রাহকের ব্যবহারের পরিপ্রেক্ষিতে মিটারে প্রদর্শিত ইউনিটের রেকর্ড অনুযায়ী সরকার কর্তৃক প্রদত্ত দরে বিল করা হয়েছে।
এ বিষয়ে তপন পাল বলেন, তাঁর দোকানে এমন কোনো বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার করা হয় না যে এক মাসে ৮৮৫ কিলোওয়াট বিদ্যুৎ খরচ হতে পারে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ভুল করে তাঁর ঘাড়ে মোটা অঙ্কের বিলের দায় চাপিয়েছে। আর অস্বাভাবিক ওই বিল পরিশোধের জন্য তাঁকে নানাভাবে হয়রানি করা হচ্ছে।
তপন পাল আরও বলেন, ২০১৪ সালের আগস্ট মাসের বিলের জন্য গত বছরের এপ্রিল মাসে তাঁর দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর এজিএম (অর্থ) মো. মজিবুর রহমান বিল পরিশোধের মুচলেকা নিয়ে ওই বছরের ডিসেম্বর মাসে তাঁর দোকানে আবার সংযোগ দেন। বিষয়টি স্বীকার করে মজিবুর রহমান বলেন, বকেয়া বিল আদায়ের জন্য এটা করা হয়েছে।
এদিকে ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে গত বছরের অক্টোবর মাস পর্যন্ত প্রথম আলোর সাভার কার্যালয়ের বিদ্যুৎ বিল বিশ্লেষণ করে দেখা যায়, ২০১৪ সালের সেপ্টেম্বর মাস থেকে গত বছরের জুন মাস পর্যন্ত (এপ্রিল মাস ছাড়া) প্রতি মাসে ১ হাজার ২০৪ টাকা করে আর পরবর্তী জুলাই মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রতি মাসে বিল করা হয়েছে ১৩৬ টাকা করে।
ধামরাইয়ের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, গত বছরের আগস্ট মাসের তাঁর বাড়ির ৪ হাজার ১৫৬ টাকা বিল বকেয়া ছিল। ১০ ফেব্রুয়ারির মধ্যে ওই বিল পরিশোধের জন্য পল্লী বিদ্যুৎ সমিতি-৩ থেকে তাঁকে নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার পর ৯ ফেব্রুয়ারি তিনি সমিতির ধামরাই কার্যালয়ে গিয়ে বিল পরিশোধ করেন। এরপরেও ওই বিল পরিশোধের জন্য তাঁর নামে মামলা হয়েছে।
অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বিষয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মহাব্যবস্থাপক (জিএম) সৈয়দ ওয়াহিদুল ইসলাম বলেন, ‘এ রকম তো হওয়ার কথা না। আমাদের লোকজন ভুল করল কি না, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’