হার না মানা এক খায়রুলের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামাতো ভাইয়ের কোলে চড়ে এসে এসএসসি পরীক্ষা দিচ্ছেন খায়রুল। ছবিটি গতকাল রোববার কিশোরগঞ্জ শহরের আরজত আতরজান উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ।
মামাতো ভাইয়ের কোলে চড়ে এসে এসএসসি পরীক্ষা দিচ্ছেন খায়রুল। ছবিটি গতকাল রোববার কিশোরগঞ্জ শহরের আরজত আতরজান উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ।

কোনো বাধাই বাধা হয়ে দাঁড়াতে পারেনি মুক্তিযোদ্ধার ছেলে অদম্য খায়রুলের কাছে। তাঁর পা দুটো শুকিয়ে চিকন ও বাঁকা হয়ে গেছে। বাঁ হাতেও কোনো শক্তি নেই। ডান হাতে আংশিক শক্তি আছে। তবে এক কেজি ওজনের বেশি জিনিস ওঠাতে পারেন না। কেবল আঙুলে যে শক্তি আছে, সে শক্তি আর মনোবল দিয়ে নিজ হাতে লিখে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন। হুইলচেয়ারটি নষ্ট হয়ে তিন মাস ধরে পড়ে আছে। তাই মামাতো ভাইয়ের কোলে চড়েই পরীক্ষা দিতে আসছেন খায়রুল। মামাতো ভাই এস এম রবিন নিজেও এসএসসি পরীক্ষার্থী।

কিশোরগঞ্জ সদরের চৌদ্দশত এলাকার নান্দলা অছম উদ্দিন উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন মো. খায়রুল শাহ (২০)। শারীরিক প্রতিবন্ধকতার কাছে হার না মানা খায়রুল এভাবে দ্বিতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনার সংগ্রাম চালিয়ে আসছেন।

গতকাল রোববার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার দিন মামাতো ভাই এস এম রবিনের কোলে চড়ে কিশোরগঞ্জ শহরের আরজত আতরজান উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আসতে দেখা যায় খায়রুলকে। খায়রুল মানবিক বিভাগের শিক্ষার্থী। কিশোরগঞ্জ সদরের মাটিকাটা এলাকায় তাঁর বাড়ি। বাবার নাম আবদুল কাদির। বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। খায়রুলের বয়স যখন সাত বছর, তখন তাঁর বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তখন খায়রুল সুস্থ ছিলেন। বাবা মারা যাওয়ার পর কী এক অজানা রোগে প্রথমে ডান পা, পরে বাঁ পা শুকিয়ে বাঁকা হয়ে যায়। হাঁটার শক্তি হারিয়ে ফেলেন। এরপর বাঁ হাতে শক্তি হারান। এখন শুধু বাকি আছে ডান হাতের আংশিক শক্তি। শরীরও দিন দিন শুকিয়ে যাচ্ছে।

খায়রুলের মা নূরজাহান আক্তার গৃহিণী। দুই ভাইয়ের মধ্যে খায়রুল বড়। ভিটেবাড়ি ছাড়া তাঁদের আর কোনো জমি নেই। বাবার মুক্তিযোদ্ধার ভাতা দিয়ে সংসার চলে। বিদ্যালয় থেকে প্রায় এক কিলোমিটার দূরে খায়রুলদের বাড়ি। প্রথমে কোলে করে, পরে হুইলচেয়ারে করে তাঁর ছোট ভাই ফখরুল শাহ বিদ্যালয়ে খায়রুলকে নিয়ে আসা-যাওয়া করত। কিন্তু তিন মাস ধরে তাঁর হুইলচেয়ারটি নষ্ট হয়ে যাওয়ায় ও ছোট ভাই চট্টগ্রাম থাকায় তিনি মামাতো ভাইয়ের কোলে চড়ে চলাফেরা করছেন। খায়রুলের আক্ষেপ, তাঁর এক চাচার দেওয়া হুইলচেয়ারটি নষ্ট হয়ে যাওয়ার পর টাকার অভাবে কিনতে বা সেটি মেরামত করতে পারছে না। এ জন্য তাঁর চলাফেরায় অনেক কষ্ট হচ্ছে।

গতকাল পরীক্ষার কেন্দ্রে গিয়ে দেখা যায়, দোতলায় ৮ নম্বর কক্ষের সামনের বেঞ্চে বসে পরীক্ষা দিচ্ছেন খায়রুল। তাঁর পেছনের বেঞ্চে বসে পরীক্ষা দিচ্ছে মামাতো ভাই রবিন।

পরীক্ষা শেষে মামাতো ভাই এস এম রবিন জানায়, খায়রুল তাঁর ছোট বেলার বন্ধু। দুজনের বাড়িও সড়কের এপার ওপার। এ জন্য মানবিক দায়বদ্ধতা ও ভালোবাসা থেকে সে খায়রুলকে কোলে করে পরীক্ষা কেন্দ্রে আসা-যাওয়া করে। তার কোনো কষ্ট হয় না। এতে মনে একধরনের প্রশান্তি পায় সে।

খায়রুল বলেন, তিনি প্রতিবন্ধী হয়ে সমাজের বোঝা হয়ে থাকতে চান না। তিনি উচ্চ শিক্ষা গ্রহণ করে প্রতিবন্ধী কোটায় সরকারি চাকরি করে সমাজের সেবা করতে চান।

নূরজাহান আক্তার বলেন, খায়রুলের বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরপরই তাঁর এই অবস্থা হয়। অনেক কষ্টে মুক্তিযোদ্ধার ভাতা বাবদ ৬০০ টাকা দিয়ে দুই ছেলেকে নিয়ে জীবন নির্বাহ করেছেন। কিছুদিন পর দুই ছেলের মধ্যে এক ছেলে পঙ্গু হয়ে যান। টাকার অভাবে চিকিৎসা করাতে পারেননি। তবে মুক্তিযোদ্ধার ভাতা দিন দিন বৃদ্ধি পেয়ে এটা এখন ১০ হাজার টাকা হয়েছে। এটাই এখন তাঁর একমাত্র সম্বল। এত সমস্যার পরও খায়রুল তাঁর নিজের ইচ্ছা আর মনোবলের দিয়ে পড়াশোনা চালিয়ে আসছেন।

নান্দলা অছম উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, খায়রুল একজন মেধাবী ছাত্র। পড়াশোনার প্রতি তাঁর প্রবল আগ্রহ রয়েছে। বিদ্যালয় থেকে যতটুকু পারা যায় বিনা বেতনে শিক্ষাসহ বই-খাতা ও পোশাক দিয়ে সহায়তা করা হচ্ছে।

আরজত আতরজান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী পরীক্ষা কেন্দ্র সচিব মো. মুজিবুর রহমান বলেন, পরীক্ষা দেখে মনে হচ্ছে, খায়রুলের লেখাপড়ার প্রতি প্রচণ্ড ঝোঁক রয়েছে। প্রতিবন্ধী হিসেবে নির্ধারিত সময় তিন ঘণ্টার অতিরিক্ত ২০ মিনিট তাঁকে দেওয়া হচ্ছে। তবে অন্যদের সঙ্গে একই সময়ে লেখা শেষ করে খায়রুল খাতা জমা দেন।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ ভুঁইয়া বলেন, ‘খায়রুল সমাজের অন্যদের জন্য এক অনন্য দৃষ্টান্ত। সমাজের বোঝা না হয়ে নিজেকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তাঁর চেষ্টা আমাদের জন্য উদাহরণস্বরূপ।’