হার না মানা খায়রুলের পাশে প্রশাসন

কিশোরগঞ্জের হার না মানা এসএসসি পরীক্ষার্থী শারীরিক প্রতিবন্ধী মো. খায়রুল শাহর পাশে দাঁড়িয়েছে প্রশাসন। উপজেলা প্রশাসন থেকে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধাসহ পরবর্তী এইচএসসি পরীক্ষার সব ব্যয়ভার বহনের আশ্বাস দিয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদ। একই পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া আরেক শারীরিক প্রতিবন্ধী মোছা. রোকসানা আক্তারকেও সব ধরনের সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
৬ ফেব্রুয়ারি প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘হার না মানা এক খায়রুলের গল্প’ শিরোনামে সচিত্র প্রতিবেদন ছাপা হয়। প্রথম আলোর এ প্রতিবেদন দেখে ইউএনও মো. আব্দুল্লাহ আল মাসউদ গতকাল মঙ্গলবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষার দিন ছুটে যান পরীক্ষা কেন্দ্রে। তিনি খায়রুল ও রোকসানার পরীক্ষা পর্যবেক্ষণ করেন এবং তাঁদের সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধাসহ এইচএসসি পড়াশোনার সব ব্যয়ভার গ্রহণের ঘোষণা দেন। এ সময় তাঁর সঙ্গে কিশোরগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক কর্মকর্তা মোহাম্মদ ফজলুল হক উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রথম আলোয় খায়রুলের প্রতিবেদন দেখে দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে খায়রুলকে সহায়তা করতে চেয়েছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের ইতিবাচক মন্তব্যসহ খায়রুলকে হুইলচেয়ার ও অন্যান্য সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন কেউ কেউ।
আরও পড়ুন:
হার না মানা এক খায়রুলের গল্প