হার না মানা তাপসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাপসী দাশের ডান পা কাজ করে না। বাঁ পায়েও সমস্যা রয়েছে। শারীরিক অক্ষমতা বাধা মনে করেন না তিনি। ক্রাচে ভর দিয়েই এগিয়ে যেতে চান। গতকাল দুপুরে চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড় থেকে তোলা ছবি l সৌরভ দাশ
তাপসী দাশের ডান পা কাজ করে না। বাঁ পায়েও সমস্যা রয়েছে। শারীরিক অক্ষমতা বাধা মনে করেন না তিনি। ক্রাচে ভর দিয়েই এগিয়ে যেতে চান। গতকাল দুপুরে চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড় থেকে তোলা ছবি l সৌরভ দাশ

দুপুর পৌনে ১২টা। শুক্রবার। চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড়। ছুটির দিন হলেও মানুষের আনাগোনা একেবারে কম নয়। হঠাৎ দেখা যায়, দুই ক্রাচে ভর দিয়ে ভিড় ঠেলে বাসে ওঠার প্রাণপণ চেষ্টা করছেন অ্যাপ্রোন পরা এক তরুণী। প্রায় হামাগুড়ি দিয়ে বাসে ওঠেন তিনি। চলতে শুরু করে বাস। চার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর বাসটি টাইগারপাস মোড়ে থামে। এবারও কারও সহায়তা ছাড়াই বাস থেকে নামেন তিনি। তাপসী দাশ নামের এই তরুণী শারীরিক অক্ষমতাকে জয় করে চেষ্টা করছেন স্বাবলম্বী হওয়ার।

এ বছর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন তাপসী। তাঁর পরীক্ষা কেন্দ্র পড়েছে কোতোয়ালি এলাকার সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ে। গতকাল সকালে তাঁর পরীক্ষা ছিল। তাঁর বাসা টাইগারপাস এলাকায়। পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে কথা হয় তাঁর সঙ্গে। পড়ালেখার পাশাপাশি চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের একটি পোশাক কারাখানায়ও কাজ করেন তিনি। চোখেমুখে তাঁর ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। তাই ক্রাচে ভর দিয়ে রোজ বাসা থেকে ১২ কিলোমিটার দূরের কারখানায় বাসে করে যাওয়া-আসা করেন।

তাপসী বলেন, এক বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হন তিনি। দরিদ্র মা-বাবা যখন চিকিৎসা শুরু করেন, তখন বেশ দেরি হয়ে গেছে। বাঁ পা কিছুটা কাজ করলেও অকেজো হয়ে পড়ে ডান পা। ১১ বছর বয়স থেকে ক্রাচই হয়ে ওঠে তাপসীর বড় সঙ্গী। বাবা দোকানের কর্মচারী, মা পোশাক কারখানায় কাজ করতেন। তাঁদের ছয়জনের টানাটানির সংসার। ২০১০ সালে নবম শ্রেণিতে ওঠার পর টাকার অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায় তাপসীর। কিন্তু বসে থেকে পরিবারের বোঝা হতে মন মানছিল না। নানা জায়গায় খোঁজ নিয়ে ২০১৪ সালে ভর্তি হন কালুরঘাটে পক্ষাঘাতগ্রস্তদের একটি প্রশিক্ষণকেন্দ্রে। এক বছর সেলাই প্রশিক্ষণ নিয়ে ঢাকার সিআরপিতে চলে যান। সেখানে আরও চার মাস প্রশিক্ষণ নেন। পরে ২০১৫ সালের ডিসেম্বরে চট্টগ্রামে ফিরে যোগ দেন একটি পোশাক কারখানায়। সেখানে এক বছর ধরে ‘স্যাম্পল অপারেটর’ হিসেবে কাজ করছেন তিনি।

তাপসী প্রথম আলোকে বলেন, ‘প্রতিবন্ধী হলেও কারও বোঝা হতে চাই না। সে কারণে চাকরি করছি। আবারও পড়াশোনা শুরু করেছি। অনেক দূর পড়াশোনা করতে চাই। ভালোভাবে প্রতিষ্ঠিত হতে চাই।’