হার না মানা দীপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভাবের সংসার। ঠিকমতো খাওয়াও জোটে না। জন্ম থেকেই প্রতিবন্ধী। বাঁ হাতের কবজি নেই। ডান হাতে আছে মাত্র দুটি আঙুল। তবু থেমে নেই দীপক হালদার; অভাব আর শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে এগিয়ে চলেছে। অদম্য দীপক এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। দীপকের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বাইনাকাঠি গ্রামে। তার বাবা সতীশ চন্দ্র হালদার পঙ্গু হয়ে বিছানায়। মা বিষ্ণু রানী গ্রামে গ্রামে গাওয়াল (বিস্কুট, চকলেট, চানাচুর, পান বিক্রি) করে কোনোরকমে সংসার চালাচ্ছেন। নিজেদের জমিজমা নেই। অন্যের জমিতে ছোট্ট একটি ঘর করে সেখানে বসবাস করছেন তাঁরা। বিষ্ণু রানী জানান, দুই ভাই এক বোনের মধ্যে দীপক মেজো। প্রতিবন্ধী হওয়ায় সবাই তাকে অবহেলা করত। অনেকেই তার কাছ ঘেঁষতে চাইত না। তবে ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি তার ছিল প্রচণ্ড আগ্রহ। বড় ভাই শ্রীবাস লেখাপড়া করার সময় দীপক গিয়ে তার পাশে বসত। কবজি ছাড়াই দুই হাত এক করে কলম চেপে ধরে লেখার চেষ্টা করত। লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে তাকে স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়। ‘বিদ্যালয়ের শিক্ষকদের অনুপ্রেরণায় এসএসসি পরীক্ষা দিতে পারছি। কোনো দিন প্রাইভেট পড়ার সুযোগ পাইনি। তবে শিক্ষকেরা সব সময় সহায়তা করেছেন,’ বলছিল দীপক। সে দুমকী উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছালাম সিকদার জানান, পরিবারটির আর্থিক সামর্থ্য না থাকায় দীপকের এসএসসি পরীক্ষার ফরম পূরণের খরচ বিদ্যালয় থেকে বহন করা হয়েছে। গতকাল রোববার গণিত পরীক্ষা শেষে দীপক বলে, ‘পরীক্ষা ভালো হয়েছে। আশীর্বাদ করবেন, আমাকে যেন হার মানতে না হয়। আমি যেন আলোকিত মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে পারি।’ কবজি ছাড়া খাওয়াদাওয়া, জামাকাপড় পরাসহ অন্যান্য কাজে সমস্যা হয় কি না জানতে চাইলে সে বলে, ‘সমস্যা তো একটু হয়ই।’