হার না মানা ফালগুনী
শারীরিক প্রতিবন্ধকতা, আর্থিক সংকট—কোনো কিছুর কাছেই হার মানেনি ফালগুনী। দুর্ঘটনায় দুটি হাত হারানোর পরও থেমে যায়নি তার এগিয়ে চলা। সে এবার পটুয়াখালীর গলাচিপা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। ২০০১ সালের কথা। গলাচিপা পৌরসভার সদর রোডের মুদি দোকানি জগদীশ সাহার মেয়ে ফালগুনী সাহা তখন প্রথম শ্রেণীর ছাত্রী। এক বিকেলে পাশের বাড়ির ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। জগদীশ সাহা সর্বস্ব খরচ করে ভারতে নিয়ে মেয়ের চিকিৎসা করান। তাকে বাঁচাতে চিকিৎসকেরা দুটি হাত কেটে বাদ দেন। এরপর এক বছর শুধু কেঁদেই কাটায় ফালগুনী। একসময় দুর্ঘটনার কালো অধ্যায় ঝেড়ে ফেলে নতুন আশায় বুক বাঁধে। শুরু হয় কেটে ফেলা হাতের বাকি অংশ দিয়ে কলম ধরে লেখার কসরত। দাঁত দিয়ে পেনসিল বা কলম কামড়ে ধরে লেখার কসরতও করতে থাকে সে। দীর্ঘদিনের নিরন্তর পরিশ্রম সফল হয়। লেখাটা আয়ত্ত করে ফালগুনী। ২০০৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি পায় সে। ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় গলাচিপা মাধ্যমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. শাহ আলম মিয়া জানান, ফালগুনী ছাত্রী হিসেবে মেধাবী। এসএসসি পরীক্ষায় সে ভালোই করবে।জগদীশ সাহা বলেন, ‘চার মেয়ের মধ্যে ফালগুনী তৃতীয়। ওর চিকিৎসায় ব্যবসার পুঁজি সব শেষ করেছি। এখন ছোট্ট পরিসরে কোনো রকমে দোকান চালিয়ে যাচ্ছি। এ ছাড়া পরিবারের সবাই মিলে কাগজের প্যাকেট তৈরি করে বাজারে বিক্রি করে বাড়তি উপার্জনের চেষ্টা করি। সুযোগ পেলে ফালগুনীও এ কাজে আমাদের সহায়তা করে।’ গতকাল দুপুরে বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষে ফালগুনী বলে, ‘পরীক্ষা ভালো হয়েছে। আশীর্বাদ করবেন, আমাকে যেন আর হার মানতে না হয়। আমি যেন আলোকিত মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে পারি।’