‘শুধু শাসন করে সন্তানদের মানুষের মতো মানুষ করা যায় না। পাশাপাশি ভালোবাসাও দিতে হয়।’ এ কথা বললেন হাসেনা বানু (৭০)। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নিভৃত পল্লি উথলীতে বাস করে স্বামীর অবর্তমানে নানা প্রতিকূলতার মাঝেও ১১ সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এই নারী। হাসেনা বানুর ১০ ছেলে ও এক মেয়ে বর্তমানে দেশ-বিদেশে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। গত ৫ মে চুয়াডাঙ্গা জেলা সদর থেকে ৩০ কিলোমিটার দূরের উথলী গ্রামের বাড়িতে বসে কথা হয় হাসেনা বানুর সঙ্গে। তাঁর ১১ সন্তানের মধ্যে একমাত্র আমিনুল ইসলাম স্ত্রী-সন্তান নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করছেন। হাসেনা বানু জানান, স্বামী সিরাজুল ইসলাম পেশায় দলিল লেখক ছিলেন। পরিবারের খরচ জোগাতে বড় ছেলে হামিদুর রহমান উচ্চমাধ্যমিক পর্যন্ত লেখাপড়া শেষ করে বাবার ব্যবসায় যোগ দেন। পরবর্তী সময়ে দ্বিতীয় ছেলে হাসিবুরও কিছু দিন বাবার ব্যবসা দেখাশোনা করেন। বড় ছেলের বয়স যখন ২৩-২৪ বছর, তখন সিরাজুল ইসলাম মারা যান। গোটা সংসারের দায়িত্ব এসে পড়ে হাসেনা বানু ও হামিদুরের ওপর। এরপর হাসেনা বানু যেকোনো মূল্যে সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার সিদ্ধান্ত নেন। স্বামীর রেখে যাওয়া ১৫ বিঘা জমি চাষাবাদ এবং ব্যবসা পরিচালনায় দুই ছেলেকে সহযোগিতার পাশাপাশি অন্য সন্তানদের লেখাপড়ার প্রতি নজর দেন। পারিবারিক সূত্রে জানা গেছে, হাসেনার দ্বিতীয় ছেলে হাসিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নাতকোত্তর পাস করে ঢাকার আশুলিয়ায় গড়ে তুলেছেন নির্মাণ প্রতিষ্ঠান ‘বিশ্বাস ইন্টারন্যাশনাল’। তৃতীয় ছেলে হালিকুর রহমান দর্শনা কলেজ থেকে বিকম পাস করে ১৯৯৭ সাল থেকে আমেরিকায় গাড়ির ব্যবসা করছেন। চতুর্থ ছেলে সিদ্দিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর পাস করে স্টার পারটেক্স গ্রুপের উপমহাব্যবস্থাপক হিসেবে কর্মরত। পঞ্চম ছেলে মখলেছুর রহমান হংকং ও চীনের দুটি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর শিক্ষা নিয়ে কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। ষষ্ঠ ছেলে হুমায়ুন কবীর খুলনা বিআইটি (বর্তমানে কুয়েট) থেকে পাস করে ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতিতে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত। সপ্তম ছেলে হারুন অর রশিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর পাস করে তাঁর আরেক ভাইয়ের নির্মাণ প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। অষ্টম ছেলে মামুন অর রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর পাস করে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে অধ্যাপনা করছেন। ছোট ছেলে মোমিনুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি প্রকৌশলে উচ্চতর শিক্ষা নিয়ে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত। একমাত্র মেয়ে সাবিনা ইয়াসমিন ঢাকার লালমাটিয়া কলেজ থেকে দর্শন শাস্ত্রে স্নাতকোত্তর পাস করেছেন। সপ্তম ছেলে ছাড়া অন্যরা বিবাহিত।